আলুর বস্তা নন তিনি

ফুটবলের মৌসুম শেষ হবে কি না, সে আলোচনা চলছে। তবে অনেকেই এ অনিশ্চয়তার মধ্যে নিজেদের আটকে না রেখে ভবিষ্যতের চিন্তায় মনোযোগ দিচ্ছেন। আগামী মৌসুমটা কেমন কাটবে, কে কোন দলে যাবেন—এসব নিয়েই আশায় বাঁচছেন ফুটবল সংশ্লিষ্টরা। এ কারণেই দলবদলের গুঞ্জনেই পাতা ভারী করছে ইউরোপের সংবাদমাধ্যম। এমন এক গুঞ্জনে অবশ্য একটু খেপেই গেলেন ইভান রাকিতিচ। তাঁর ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য দেখে সরাসরি বলে দিয়েছেন, আলুর বস্তা ভেবে তাঁকে এদিক-ওদিক ছুড়ে ফেলার চেষ্টা ঠিক হবে না।
এ মৌসুমে বার্সেলোনায় প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন রাকিতিচ। ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে বিক্রি করে দেবে ক্লাব এমনটাও শোনা গিয়েছিল। এরপর অবশ্য ধীরে ধীরে আবারও দলের পরিকল্পনায় ঢুকে পড়েন রাকিতিচ। কিন্তু করোনা এসে থামিয়ে দিয়েছে সবকিছু। এ অবস্থায় পরের মৌসুম নিয়ে ভাবনা শুরু হয়ে গেছে অনেক ক্লাবেরই। আর বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনায় ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার গুরুত্ব একটু কমই পাচ্ছেন। রাকিতিচের দলবদলের গুঞ্জন তাই আবারও শুরু হয়েছে ভালোমতো।
এ ব্যাপারে মুন্দো দেপোর্তিভোর সঙ্গে এক সাক্ষাৎকারে একটু কড়া কথাই শুনিয়েছেন দেশকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া ক্রোয়াট মিডফিল্ডার, ‘আমি আলুর বস্তা নই। নিজের ভবিষ্যৎ নিজেই নির্ধারণ করব। আমি সেখানেই থাকব যেখানে আমাকে মূল্য দেওয়া হবে। সেটা যদি এখানে (বার্সেলোনা) হয়, খুশি। আর না হলে কোথায় যাব সেটা আমিই সিদ্ধান্ত নেব।’ ছয় বছরে বার্সেলোনার জার্সিতে চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর চাইলেই যে নতুন কোন চ্যালেঞ্জ নিতে পারেন, সেটা অকপটেই জানিয়েছেন রাকিতিচ।
তবে নিজের চেয়েও বিশ্বের ভবিষ্যৎ নিয়েই বেশি চিন্তিত মনে হয়েছে রাকিতিচকে। বিশ্বব্যাপী করোনার যে প্রকোপ, সেটার পূর্বাভাস নাকি ফেব্রুয়ারিতেই পেয়েছিলেন রাকিতিচ। বার্সেলোনার হয়ে নেপলসে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে গিয়েছিলেন তাঁরা। তখন ইতালিতে প্রকোপটা মাত্র শুরু হয়েছে।তবু তখনকার পরিস্থিতি দেখেই নাকি রাকিতিচের মনে হয়েছিল এটা ভোগাবে বিশ্বকে, ‘এটা আসলে চমক নয়। যখন নেপলসে গেলাম তখন ইতালিতে এ নিয়ে অনেক কথা হচ্ছিল। আমি জাভিকে (দলের চিকিৎসক) বলেছিলাম এটা আরও খারাপ হবে।’
বার্সা টিভির সঙ্গে দেওয়া আরেক সাক্ষাৎকারে রাকিতিচ এ অবস্থা থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায়ের ওপর জোর দিয়েছেন, ‘এখন একটা কাজই করতে পারি আমরা (ঘরে থাকা)। আমারও তো রাস্তায় বের হতে ইচ্ছা করে, হাঁটতে ইচ্ছা করে। কিন্তু সেটা এখন দরকারি না। আমাদের ঘরে থাকতে হবে। হ্যাঁ, সেটা আমার পছন্দ নয়। কিন্তু এটাই দরকার এবং গুরুত্বপূর্ণ।’