আলেক্সান্ডার 'দ্য গ্রেট'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করার পর উচ্ছ্বসিত ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড l রয়টার্স
দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করার পর উচ্ছ্বসিত ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড l রয়টার্স

প্রথম সবকিছুই নাকি দুর্দান্ত। চিরদিনের জন্য মনে গেঁথে থাকে। ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের তো আরও বেশি থাকবে।

পরশুই লিভারপুলের জার্সিতে প্রথম গোল পেলেন ১৮ বছর বয়সী ইংলিশ রাইটব্যাক। সেটিও আবার চ্যাম্পিয়নস লিগে তাঁর অভিষেক ম্যাচে। ৩০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে! চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের ম্যাচটাতে পরশু হফেনহাইমের মাঠে ২-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে জয়, দুটি ‘অ্যাওয়ে’ গোল...তিন বছরের বিরতি কাটিয়ে লিভারপুল আবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের স্বপ্ন দেখতেই পারে। তবে অলরেডদের জয় ছাপিয়ে পরশু বড় হয়ে উঠেছে ১৮ বছর বয়সী ওই তরুণের আগমনী বার্তা। ইংলিশ পত্রিকা ডেইলি মেইল তো মজা করে শিরোনামই করেছে, ‘আলেক্সান্ডার দ্য গ্রেট!’

লিভারপুলেই জন্ম, ছয় বছর বয়স থেকে খেলেছেন লিভারপুলের যুব দলে। মূল দলে অভিষেক হয়েছিল গত মৌসুমেই। হোক না প্লে-অফ, তবু পরশু প্রথম পেলেন চ্যাম্পিয়নস লিগের স্বাদ। লিভারপুল ছেড়ে বার্সেলোনায় চলে যেতে চাওয়া ফিলিপে কুতিনহো পিঠের চোটের কারণে ছিলেন না ম্যাচে। থাকলে ৩৫ মিনিটে পাওয়া ফ্রি-কিকটা হয়তো তিনিই নিতেন। কিন্তু কুতিনহো না থাকাটাই যেন আশীর্বাদ হয়ে এল আরনল্ডের জন্য। অন্য ‘সিনিয়র’ সতীর্থদের সরিয়ে ফ্রি-কিক নেওয়ার সাহস দেখালেন, হফেনহাইমের ছয়জনের দেয়াল ফাঁকি দিয়ে বাঁকানো শটে গোলটাও করে ফেললেন। এ নিয়েও মজা করেছে ইংলিশ সংবাদমাধ্যম, লিখেছে, ‘হু নিডস কুতিনহো?’

ম্যাচের পর আরনল্ড নিজেই টুইট করেছেন, ‘স্বপ্ন সত্যি হলো।’ আর লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ডও করেছেন স্নেহের ‘ট্রেন্টা’র প্রশংসা, ‘দুর্দান্ত ফ্রি-কিক। মজাটা হলো, কুতিনহো থাকলে তো ও-ই ফ্রি-কিকটা নিত। ছেলেটাকে (আরনল্ড) আমি অনেক ভালোভাবেই চিনি। ও অনেক, অনেক বড় একজন খেলোয়াড় হবে।’

৭৫ মিনিটে দ্বিতীয় গোল পায় লিভারপুল—জেমস মিলনারের শট হফেনহাইমের এক ডিফেন্ডারের গায়ে লেগে ঢোকে জালে। তবে ৮৭ মিনিটে লিভারপুল যে গোলটা খেয়েছে, সেটি আবার পুরো ম্যাচে দুর্দান্ত খেলা ওই আরনল্ডের ভুলেই। অফসাইড মনে করে হাত উঁচিয়ে দাঁড়িয়ে ছিলেন, ওদিকে তাঁকে ফাঁকি দিয়ে হফেনহাইমের মার্ক উঠ গোল করে বেরিয়ে এসেছেন।

২০১৬ সালের মে মাসের পর এই প্রথম নিজেদের মাঠে হেরেছে হফেনহাইম। সেই দুঃখটা আরও বেড়ে গেছে ১১ মিনিটে পেনাল্টি পেয়েও সেটিকে কাজে লাগাতে না পারার ব্যর্থতায়। উয়েফা, এএফপি।