আলো যখন ট্রফির ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার এই ট্রফি উঠবে ফিফা বর্ষসেরার হাতে l ফিফাডটকম
সোমবার এই ট্রফি উঠবে ফিফা বর্ষসেরার হাতে l ফিফাডটকম

ক্রিস্টিয়ানো রোনালদো, নাকি লিওনেল মেসি? কে জিতবে ফিফা বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’। নাকি নতুন হিসেবে আঁতোয়ান গ্রিজমানের মাথায় উঠবে সেরার মুকুট? এসব প্রশ্ন তো আছেই। এবারের ফিফা বর্ষসেরার অনুষ্ঠানে আলো কেড়ে নিচ্ছে ‘দ্য বেস্ট’-এর ট্রফিটিও। এবার যে ট্রফিটি নিয়েছে নতুন রূপ। কেমন হচ্ছে নতুন সে ট্রফি—এ নিয়ে তুমুল আলোচনা ফুটবল-বিশ্বে।

১৯৯১ সাল থেকে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে ফিফা। ২০১০ সালে ফিফার বর্ষসেরা পুরস্কার আর ফ্রান্স ফুটবল-এর ব্যালন ডি’অর একীভূত হয়ে যায়। পুরস্কারটির নতুন নামকরণ হয় ফিফা-ব্যালন ডি’অর। দুই পক্ষের চুক্তি শেষ হয়ে যাওয়ায় পুরস্কার দুটি আবার আলাদা হয়ে গেছে। ফ্রান্স ফুটবল গত ডিসেম্বরেই ব্যালন ডি’অর পুরস্কার দিয়ে দিয়েছে, যেটি উঠেছে রোনালদোর হাতে। জুরিখে ফিফা বর্ষসেরার পুরস্কার রাত আগামীকাল।

ফিফা তাদের ‘দ্য বেস্ট’ পুরস্কারের ট্রফিটা উন্মোচন করেছে। এটি তৈরি হয়েছে ক্রোয়েশিয়ার শিল্পী আনা বারবিচ কাতিচিচের ডিজাইনে। টেকনোলজি ব্যবহার করে তৈরি করা ট্রফিটি সর্বোচ্চ পর্যায়ের নিখুঁত বলে দাবি করেছে ফিফা। ৩১০ মিলিমিটার উচ্চতার ট্রফিটির ওজন ৬.৪ কেজি। একেবারে শীর্ষে বসানো হয়েছে একটি বল। বলটি ফুটবল আর ফিফার ইতিহাসকেই তুলে ধরছে। রুপালি ট্রফিটি সুদৃশ্য। এটি হাতে নিয়ে প্রথমেই মুগ্ধ হয়েছেন স্বয়ং কাতিচিচ, ‘ট্রফিটি প্রথম দেখার পর আমি আনন্দে ভেসে গেছি। এটা একটি স্বপ্নপূরণ।’

অনেকেই অবশ্য ‘দ্য বেস্ট’-এর ট্রফি দেখে সন্তুষ্ট হতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন রুপালি রংটা কখনো বিজয়ের হতে পারে না!

পরিবর্তন এসেছে ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচনপ্রক্রিয়ায়ও। এবার বিভিন্ন দেশের জাতীয় দলের কোচ ও অধিনায়কের শুধু ৫০ শতাংশ ভোট নেওয়া হয়েছে। বাকি ৫০ শতাংশে ভোট দিয়েছেন সমর্থক আর সারা বিশ্বের দুই শর বেশি সাংবাদিক। মেইল অনলাইন, ফিফাডটকম।