আলোচনায় ছিল না জাতীয় দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল অঙ্গনে কান পাতলেই জাতীয় দলের ব্যর্থতা নিয়ে হাহাকার শোনা যায়। অনেক হাঁকডাক দিয়ে সাফের গ্রুপ থেকেই বিদায়। ঘরের মাঠে বঙ্গবন্ধু কাপেও মামুনুলরা দর্শক সেমিফাইনাল থেকেই।
এমন প্রেক্ষাপটে বাফুফের নির্বাহী কমিটির কালকের সভায় জাতীয় দল নিয়ে আলোচনা হওয়াটা প্রত্যাশিতই ছিল। যদিও পূর্বনির্ধারিত আলোচ্যসূচিতে জাতীয় দল ছিল না। তারপরও বিবিধ আলোচনায় এটি নিয়ে আলোচনার সুযোগ তো ছিল। কিন্তু আলোচনা হয়নি! বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বললেন, ‘বিবিধ আলোচনায় জাতীয় দলের প্রসঙ্গটি কেউ তোলেননি বলে আলোচনাও হয়নি।’
জাতীয় দলের কোচ-ম্যানেজার নিয়োগ, কোচের বেতন, কোথাও খেলতে যাওয়ার অনুমোদন ইত্যাদি একাডেমিক সিদ্ধান্তই হয় নির্বাহী কমিটিতে। জাতীয় দলের বিষয়টা দেখে জাতীয় দল কমিটি। সেটিও পূর্ণাঙ্গ কমিটি কি না, দৃশ্যমান নয়। আসলে জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাফুফেতে কার্যকর কোনো আলোচনা হয়েছে বলে শোনা যায়নি।
কালকের সভায় অনেকটা সময় কেটেছে বঙ্গবন্ধু কাপের ফাইনালের নানা দিক নিয়ে। আরামবাগ প্রসঙ্গ, শেরেবাংলা কাপ আয়োজন, ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা, গঠনতন্ত্র, ইত্যাদিও গুরুত্ব পেয়েছে। আগামী এপ্রিলে বর্তমান কমিটির মেয়াদ শেষ, চলছে নতুন নির্বাচনের তোড়জোড়। তারই অংশ হিসেবে ১ মার্চ বার্ষিক সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে বা মার্চের প্রথমে শেরেবাংলা কাপ আয়োজনের কথাও জানানো হয়েছে এই সভা শেষে। যদিও গত বছর শেষ দিকে শেরেবাংলা কাপ জাতীয় ফুটবল ও অনূর্ধ্ব-১৯ সোহরাওয়ার্দী কাপ দুটিই আয়োজনের কথা বলেছিল বাফুফে। শেষ পর্যন্ত কোনোটিই হয়নি। তবে এবার সোহরাওয়ার্দী কাপ আলোচনাতেই নেই। শেরেবাংলা কাপের জন্য গঠিত কমিটির প্রধান হারুনুর রশিদ বললেন, ‘বর্তমান কমিটির মেয়াদে সোহরাওয়ার্দী কাপ করার আর পর্যাপ্ত সময় নেই। সময় পেলে ও জেলাগুলো রাজি থাকলেই সোহরাওয়ার্দী কাপ হতে পারে।’
এসব নিয়ে সংবাদ ব্রিফিংয়ে অবশ্য জাতীয় দল নিয়েই বারবার প্রশ্ন গেল বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর দিকে। এমন বিপর্যয়ের পর বাফুফে জাতীয় দল নিয়ে কী চিন্তা করছে, এমন প্রশ্নে সালাম বললেন, ‘বঙ্গবন্ধু কাপটা শেষ হোক। তা ছাড়া জাতীয় দল নিয়ে সব রিপোর্ট পাই। তাই এখন আমরা ঝটপট প্রতিক্রিয়া দেখাতে চাই না।’
জাতীয় দলের ব্যর্থতা কাঁধে নিয়ে পদত্যাগ করবেন কি না, এমন প্রশ্নে সালামের উত্তর, ‘জাতীয় দল খারাপ করেছে, এই ব্যর্থতা আমাদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। তবে আগামী নির্বাচনের দুই-তিন মাস বাকি। এই সময়ে পদত্যাগ না করে আমরা পরিস্থিতি মোকাবিলা করব।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জাতীয় দল নিয়ে বেশি কিছু বলতে রাজি হলেন না। বাফুফে ভবনে সাংবাদিকদের ভিড়ে শুধু একটা কথাই বলে গেলেন, ‘আমি কোচ নই, মাঠে নেমে খেলি না। আপনাদের মতো আমিও হতাশ। জাতীয় দল নিয়ে পরে কথা বলব।’
আগামী ২৪ মার্চ জর্ডানের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে দুটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে বাফুফের কাছে। একটি দিয়েছে বাহরাইন, অন্যটি সংযুক্ত আরব আমিরাত। জর্ডান যাওয়ার পথে বাহরাইনের সঙ্গে তাদেরই মাঠে একটা ম্যাচ খেলা হতে পারে। আমিরাতের সঙ্গে খেলার সম্ভাবনা কম।