হোটেল র্যাডিসনের বলরুমটা সাজানো মেসি-রোনালদোদের কাটআউট দিয়ে। ভেতরে সারি বেঁধে রাখা আবাহনী, মোহামেডানসহ পেশাদার ফুটবল লিগে অংশ নেওয়া ১২টি ক্লাবের খেলোয়াড়দের গ্রুপ ছবিসংবলিত প্যানারোমা বোর্ড। ডিজিটাল ব্যানারে লাগানো ফুটবলারদের ছবিগুলোর ওপরে পড়ছে রঙিন আলো। হল রুমভর্তি ক্লাব কর্মকর্তা। অনুষ্ঠান শুরু হতেই কক্ষে ঢুকলেন শিল্পী মমতাজ। এবার প্রিমিয়ার ফুটবল লিগের শুভেচ্ছাদূত হয়েছেন জনপ্রিয় এই লোকসংগীতশিল্পী। প্রিমিয়ার লিগের স্পনসর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠান ঘিরেই এতসব জমকালো আয়োজন।
সাইফ পাওয়ারটেক এবার থেকে প্রতি মৌসুমে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেবে ৪ কোটি টাকা। পাঁচ মৌসুমের চুক্তি। লিগে মোট ম্যাচ হবে ১৩২। ঢাকার বাইরের প্রায় সবগুলো ম্যাচই টেলিভিশনে সরাসরি সম্প্রচারের চেষ্টা চলছে। ৬টি ভেন্যুর মধ্যে ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে হবে খেলা।
লিগকে আকর্ষণীয় করতে চেষ্টার কোনো কমতি নেই আয়োজকদের। সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর ভাষায়, ‘বাংলাদেশের ফুটবলের জন্য এটা একটা টার্নিং পয়েন্ট। আশা করি, ফুটবল আগের জায়গায় আবারও ফিরে আসবে।’ বর্ণিল ফুটবল লিগের স্বপ্ন দেখছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন, ‘আগামী পাঁচ বছরের জন্য আমরা বাফুফের সঙ্গে যৌথভাবে প্রিমিয়ার লিগ আয়োজন করব। সারা দেশে ফুটবল ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। আশা করি, একটা বর্ণিল ফুটবল লিগ জাতিকে উপহার দিতে পারব।’
দুই পক্ষের মধ্যে চুক্তি সই হওয়ার আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, ‘আজ একটা ইতিহাস হয়েছে এখানে। বাংলাদেশের ফুটবলের বিপণনস্বত্বসহ সব স্বত্ব বিক্রি করে দিয়েছি। এই অবস্থানে আসতে আমাদের আট বছর লেগেছে। ১ টাকা বা ১০০ টাকা যেটাই হোক না কেন আমরা স্বত্ব বিক্রি করার মতো পর্যায়ে এসেছি, এটা আমাদের কাছে নতুন।’
চুক্তিতে বাফুফের পক্ষে সই করেন সভাপতি কাজী সালাউদ্দিন ও সাইফ পাওয়ারটেকের পক্ষে তরফদার রুহুল আমিন। চুক্তি সই শেষ হতেই মঞ্চের দুই পাশে উড়ল কনফেত্তি। জ্বলল আলোর ফোয়ারা। পেশাদার ফুটবলের রংটা বদলালেই হয়।