আলো দেখছে ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শেষ প্রান্তে এসে পেছন ফিরে তাকালে বাংলাদেশের ফুটবলের কোন ছবিটা প্রথম ভাসে চোখে? বছরজুড়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মেলা, দেশের সীমানা ছাড়িয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আন্তর্জাতিক সাফল্য, জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে নিয়ে নাটক...বাংলাদেশের ফুটবলের সালতামামি করেছেন মাসুদ আলম

বাংলাদেশে ফুটবল যে এখনো এক উন্মাদনার নাম, সেটির প্রমাণ সিলেটে বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচে মাঠে উপচে পড়া দর্শকের এই ছবি l প্রথম আলো
বাংলাদেশে ফুটবল যে এখনো এক উন্মাদনার নাম, সেটির প্রমাণ সিলেটে বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচে মাঠে উপচে পড়া দর্শকের এই ছবি l প্রথম আলো

সাফল্য? অনেক আছে।
ব্যর্থতা? খুঁজলে পাওয়া যাবে।
বিতর্ক? সেটি তো প্রায় বছরজুড়েই।
কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া যায়? অবশ্যই প্রথমটি। ২০১৪ সালটা বাংলাদেশের ফুটবলের জন্য নানা ইতিবাচকই হয়ে থাকছে। খুলে গেছে সম্ভাবনার নতুন জানালা।
শেখ জামাল ধানমন্ডির আন্তর্জাতিক সাফল্য, শেখ রাসেল ক্রীড়াচক্রের এএফসি প্রেসিডেন্টস কাপে চমক, এসব তো আছেই। জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে নিয়ে যা হয়েছে, তা রীতিমতো নাটক। তবে সব ছাপিয়ে এ বছরই সবচেয়ে বেশি সাতটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলাটা বাংলাদেশের ফুটবলারদের জন্য আনন্দদায়ী এক ব্যতিক্রম।
ভারতের সঙ্গে গোয়ায় ২-২ ড্র দিয়ে শুরু, শেষটায় জাপানের অনূর্ধ্ব-২১ দলের কাছে ৩ গোলে হার। মাঝখানে নেপাল অনূর্ধ্ব-২৩ ও শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে দুটি করে চারটি ম্যাচ। দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসে গিয়ে ভিয়েতনামের সঙ্গে একটি প্রীতি ম্যাচ। এশিয়াডে তিন ম্যাচ যোগ করলে সংখ্যাটা দাঁড়াচ্ছে ১০। ছয়টিই খেলেছে অনূর্ধ্ব-২৩, জাতীয় দল চারটি। সব মিলিয়ে ৩ জয়, ৫ হার, ২ ড্র।
ফেব্রুয়ারিতে কলকাতার আইএফএ শিল্ড আলোকিত শেখ জামালের ঔজ্জ্বল্যে। গোটা টুর্নামেন্টে তারা এমনই সমীহ কেড়েছে যে, ভারতীয় ফুটবল সমাজের চোখে ঘোর। কিন্তু ফাইনালেও দারুণ খেলেও টাইব্রেকার-দুঃখ ইতি টেনেছে শেখ জামালের এই স্মরণীয় অভিযানের।
এই ডিসেম্বরেই শুরুতেই তা বাষ্প হয়ে খানিকটা দূর। ভুটানের কিংস কাপ জয় শেখ জামালের গায়ে দক্ষিণ এশিয়ার ফুটবলে বড় শক্তির তকমাও সেঁটে দিয়েছে। বাংলাদেশের ক্লাব ফুটবলে এটা নতুন উদ্দীপনাও বটে। ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার লিগ আর ফেডারেশন কাপ জয়। সত্যি বলতে ২০১৪ সালটা দেশে-বিদেশে বর্ণিল করেছে শেখ জামালই।
আইএফএ শিল্ডে কলকাতা ইস্ট বেঙ্গলকে ৩ গোল, মোহনবাগানকে ১ গোল, ভুটানের কিংস কাপে সেই মোহনবাগানেই ৫ গোল দেওয়া শেখ জামালের পক্ষেই সম্ভব। শ্রীলঙ্কা বিমানবাহিনীকে ৫ গোলে ভাসিয়ে শেখ রাসেল ক্রীড়াচক্র কলম্বোয় এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাইয়ে যেভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশের ক্লাব ফুটবল আগে তা দেখেনি।

.
.

এশিয়ান গেমসে ২৮ বছর পর জয়ের মুখ দেখাকেও তো অর্জন বলেই মানতে হয়। ওই গেমসে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ ও হংকংয়ের কাছে ২-১ হারটাও ‘সাফল্য’ বলে বিবেচিত হয়েছে ফুটবল মহলে।
সাংগঠনিক কাজেও এসেছে গতি। তাই নিস্তরঙ্গ নয়, ২০১৪ সালের সালতামামি অনেক রসদেই ভরপুর। স্বাধীনতার ৪৩ বছর পর এসে বাফুফে অবশেষে একটা একাডেমি চালু করতে পেরেছে।
আরেকটি বড় উদ্যোগও শেষ দেখছে। দীর্ঘ কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু গোল্ডকাপ মাঠে নামছে নতুন বছরের শুরুতে। হবে ২০১৫ সালে, কিন্তু তা আয়োজনের কাজটি তো হয়েছে এ বছরই। কমলাপুর স্টেডিয়ামে স্টার্ফ বসানোর কাজ শুরু একটা অগ্রগতি। তহবিল সংগ্রহে লটারি বাজারে ছাড়তে পারাকেও সাফল্য ভাবতে পারে বাফুফে।
নতুন আশার ঝিলিক অবশ্যই দর্শক-জোয়ার। সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল অলিম্পিক দলের ম্যাচে গেট ভেঙে মানুষের মাঠে ঢোকা এখনো চায়ের কাপের আলোচনায়। যশোরে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচেও মাঠে উপচে পড়া দর্শক।
ফুটবলে বছরের আলোচিত চরিত্র খুঁজতে গেলে সনি নর্দের নাম আসবে। শেখ জামাল ছেড়ে হাইতিয়ান প্লে-মেকারের নাটকীয়ভাবে মোহবাগানে যোগ দেওয়া বলার মতোই একটা পর্ব। মামুনুল ইসলামের ইন্ডিয়ান সুপার লিগে খেলতে যাওয়াও আলোড়ন তুলেছে। এই তালিকায় কোচ মারুফুল হককে বাফুফের দেওয়া ছয় মাসের নিষেধাজ্ঞাও রাখতে হচ্ছে।
অনূর্ধ্ব-১৬ মেয়েদের এএফসি ফুটবলে কয়েকটা দিন মনোযাগ কেড়েছিল সবারই। ঢাকায় ওই টুর্নামেন্টে জর্ডানকে ১ গোলে হারিয়ে শুরু, আরব আমিরাতের জালে ৬ গোল...সুখস্মৃতিতে ঘুরেফিরে আসবেই।
এসবের ভিড়ে ঘরোয়া ফুটবল একটু আড়ালেই ঢাকা পড়েছে। নতুন মৌসুম শুরু করা যায়নি, নানা অজুহাতে খেলা পেছানোর সংস্কৃতি অব্যাহতই থাকল। নিচের দিকের লিগগুলোয় পাতানো খেলার ছোবল ফুটবলের জন্য বিষফোড়া হয়ে আছে বরাবরের মতোই।
তবে বছরটা শেষ হচ্ছে রোমাঞ্চকর এক খবর দিয়ে। ভারতের মতো বাংলাদেশেও ফ্র্যাঞ্চাইজি লিগ করার প্রস্তাব এখন বাফুফের টেবিলে। ২০১৪ সালটাকে সম্ভাবনার বছর না বলে উপায় আছে!