আলোচনার কেন্দ্রে জামাল ভূঁইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামাল ভূঁইয়া
জামাল ভূঁইয়া

স্বদেশি সাংবাদিকেরা সকাল থেকেই ছুটছেন জামাল ভূঁইয়ার সঙ্গে কথা বলতে। আগের বিকেলে ভুটান ম্যাচের সময় ডিফেন্ডার ইয়াসিন খানের সঙ্গে তাঁর একটা টক্কর লেগেছিল, যার ছায়া পড়েছে গোটা দলের ওপরই।
আগের রাতেই জামাল দলের অন্দরমহলের অনেকে অনেক কথা বলেছেন। সেটি কাল প্রচার হতেই সরগরম বাংলাদেশ দলের ভেতর-বাহির। জামালকে দোষারোপ করছেন কেউ কেউ, তাঁদের বক্তব্য ডেনমার্কপ্রবাসী এই ফুটবলারকে দলে সুযোগ-সুবিধা অন্যদের চেয়ে বেশি দেওয়া হয়। দায়িত্বশীল এক খেলোয়াড় জামালের বিরুদ্ধে হোটেল লবিতে দাঁড়িয়ে তীব্র প্রতিক্রিয়া দেখালেন। বিস্ময়করভাবে একজন তো প্রকাশ্যে তাঁর শাস্তিই দাবি করলেন।
সাফ থেকে শূন্য হাতে দেশের ফেরার অপেক্ষায় দল যখন অভিভাবকশূন্য, তখন দলের মধ্যে এমন কথাবার্তা অনাকাঙ্ক্ষিত। তবে জামাল-ইয়াসিন দুজনই জানালেন, মাঠের ঘটনাটা মাঠেই শেষ। দুজনই দুজনের কাছে দুঃখপ্রকাশ করে ঘটনাটা সেখানেই শেষ করে দিয়েছেন।
ইয়াসিন বললেন, ‘মাঠে একটু উত্তেজনা হয়ই। ওটা এমন কিছু নয়। আমরা পরে সব ঠিক করে নিয়েছি।’ জামাল ভূঁইয়াও একই কথা বললেন। তবে তাঁকে ইয়াসিনের ঘুষি মারার প্রেক্ষাপটটা তুলে আনলেন এভাবে, ‘আমি ওকে একটা বল ঠিকঠাক পেছনে গোলকিপারকে দিতে বলেছিলাম। সেটা ও পারেনি। আমাকে দিতে চেয়েছে, সেটাও ভালোভাবে না হওয়ায় বল পেয়ে যায় প্রতিপক্ষ। এ নিয়েই কথা বলায় ও আমাকে বাজেভাবে গালমন্দ করে। আসলে ও আবেগরুদ্ধ ছিল, আমিও।’
কিন্তু দৃশ্যটাকে কেউ কেউ দলের বন্ধন আলগা হয়ে পড়ার প্রতীকী ছবি হিসেবেই দেখছেন। তবে অধিনায়ক মামুনুল ইসলাম এটি উড়িয়ে দিচ্ছেন, ‘দলে সবকিছুই ঠিক আছে। আমরা সবাই এক।’ জামালকে নিয়ে পরে অধিনায়ক মামুনুল ইসলামসহ সব খেলোয়াড় লবিতে এসে নজিরবিহীন এক সংবাদ সম্মেলন করলেন। দলে কোনো সমস্যা নেই, ঐক্যবদ্ধ আছে সবাই—এই ছিল মূল সুর। ঢাকার সাংবাদিকদের সামনে জামাল আবারও বললেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।’ নতুন অধিনায়ক করা হতে পারে তাঁকে এমন গুঞ্জন নিয়েও দিলেন প্রতিক্রিয়া, ‘অধিনায়কত্ব পেলে আমার কাজ হবে দলকে উজ্জীবিত রাখা, ভালো ফল পেতে সব চেষ্টাই আমি করব।’
দুই বছর ধরে ডেনমার্কপ্রবাসী এই ফুটবলার বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড়। কারও কারও মতে ধারাবাহিকভাবে সেরা পারফরমার। সাফে ১৪০ মিনিট খেলেই পড়েছেন মালদ্বীপের কোচ রিকি হার্বার্টের চোখে। তাঁর ফোন নম্বর নিয়েছেন হার্বার্ট।