আলোচনায় মেসির চুল

নতুন মৌসুমে লিওনেল মেসি বার্সেলোনায় ফিরেছেন নতুন প্রত্যয়ে। বার্সায় ফিরে বদলে ফেলেছেন চুলের স্টাইল। এরই মধ্যে মেসির চুল আলোচনার খোরাক জুগিয়েছে ফুটবল দুনিয়ায়।
ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে হেয়ারস্টাইলিস্ট আরিয়েল বারমুদেজের ছবি পোস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কেউ কেউ অবশ্য বলছেন, মেসির চুলের স্টাইল তাঁর ঘোর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অনেকখানি মিলে যায়। কেউ আবার উদাহরণ টানছেন কিম জং-উনের! উত্তর কোরিয়ার এ নেতার সঙ্গেও মেসির চুলের স্টাইল নাকি বেশ মিলে যায়। তবে যে যা-ই বলুক, মেসি নিজের চুলের স্টাইল নিয়ে দারুণ খুশি। ফেসবুকে হেয়ারস্টাইলিস্টের ছবি পোস্ট করে লিখেছেন, ‘তিনি অসাধারণ’!
বিশ্বকাপের পর কিছুদিন ছুটি কাটিয়ে দারুণ চনমনে মেসি মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দিয়ে ফেসবুকে লিখেছেন, ‘বার্সেলোনায় সতীর্থদের সঙ্গে দেখা হওয়াটা দারুণ ব্যাপার। তাদের সঙ্গে আজ (মঙ্গলবার) প্রথম অনুশীলন। এ মৌসুমে আমাদের সামনে রোমাঞ্চকর চ্যালেঞ্জ নিয়ে এরই মধ্যে ভাবতে শুরু করেছি।’ সূত্র: মেট্রো ও মার্কা।