আলোচনায় যখন মেসির পেনাল্টি
দুঃখবিলাস হয়, সমালোচনা হয়। কিন্তু একটি ‘পেনাল্টি মিস’ নিয়ে এভাবে ফুটবল-বিশ্বকে প্রশংসা-সমালোচনার দ্বিমুখী অবস্থানে দেখেছেন কখনো? গত সপ্তাহে লিওনেল মেসির বিখ্যাত ‘পেনাল্টি-ব্যর্থতা’ নিয়ে ফুটবল-বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত। অবস্থা এমনই যে, কিংবদন্তিরাও জড়িতে যাচ্ছেন এই বিপরীতমুখী আলোচনায়। ইয়োহান ক্রুইফদের মতো কিংবদন্তির প্রশংসা যেমন পাচ্ছেন মেসি, তেমনি তাঁর সমালোচকদের কাতারেও আছেন আরেক বিখ্যাত নাম—রবার্তো কার্লোস।
কাগজে-কলমে লেখা থাকবে, গত রোববার লিগে সেল্টা ভিগো ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে পারেননি মেসি। পেনাল্টিতে শট না নিয়ে ছোট্ট করে পাস বাড়িয়ে দিলেন, পেছন থেকে লুইস সুয়ারেজ দৌড়ে এসে শট নিলেন। আগেই লাফিয়ে মাটিতে পড়ে যাওয়া সেল্টা গোলকিপারের পক্ষে কিছুই করার সুযোগ ছিল না। কিন্তু এটি নিয়েই এখন চলছে যত প্রশংসা-সমালোচনা। কারও চোখে এটি সৃষ্টিশীলতার অনন্য প্রদর্শনী, আর কারও কাছে স্রেফ প্রতিপক্ষকে অসম্মান জানানো।
বার্সেলোনা ও হল্যান্ড কিংবদন্তি ক্রুইফ যেমন মেসির প্রশংসাকারীদের দলে। বরং বলা উচিত, প্রশংসা করার জন্য সবচেয়ে যোগ্য সম্ভবত তিনিই। ১৯৮২ সালে আয়াক্সের হয়ে সতীর্থ জেসপার অলসেনকে নিয়ে যে এমন কীর্তি গড়েছিলেন ‘টোটাল ফুটবলে’র অন্যতম রূপায়ণকারী এই ডাচ। উত্তরসূরির কীর্তিতে তাই অনেক খুশি ক্রুইফ। স্প্যানিশ দৈনিক স্পোর্তকে বলেছেন, ‘ফুটবল আনন্দের ব্যাপার, আর মেসি সবাইকে আনন্দ জোগাচ্ছে। আমি পেনাল্টিটা দেখে অনেক খুশি হয়েছি। যারাই এমন অভাবনীয় কিছু করার সাহস করে, আমি তাদের সঙ্গে আছি।’ মেসির এমন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার মধ্যে ‘দোষ না ধরার’ও পরামর্শ দিয়েছেন ক্রুইফ।
তবে সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার কার্লোসের ভাবনা সম্পূর্ণ ভিন্ন। মেসির এভাবে পেনাল্টি নেওয়াকে ‘অসম্মানজনক’ বলেছেন ব্রাজিল কিংবদন্তি। এখানেও বার্সা-রিয়াল রেষারেষি টেনে আনছেন কার্লোস। স্প্যানিশ রেডিও কাদেনা এসইআরকে বলেছেন, ‘যদি বার্নাব্যুতে আমাদের কেউ মেসির মতো পেনাল্টি নিত, তাহলে এখন সবাই এটিকে প্রতিপক্ষের প্রতি অসম্মান বলে সমালোচনা করত।’ গোলডটকম।