আশা ছাড়ছেন না নেইমার
অন্য অনেক দল হলে আশা ছেড়ে দিত। কিন্তু সেসব দলে তো আর মেসি-নেইমার-সুয়ারেজ খেলেন না! তর্কযোগ্যভাবে এ মুহূর্তে ক্লাব ফুটবলের বিশ্বের সেরা আক্রমণভাগ। এমন একটা দলের হারার আগে হার মেনে নেওয়া মানায় নাকি? পিএসজির কাছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে হেরে আসার পরও তাই হাল ছাড়ছে না বার্সেলোনা।
লা লিগায় সর্বশেষ দুই ম্যাচে ৬-১ ও ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই ছন্দটা ধরে রাখতে পারলে পিএসজির বিপক্ষে বড় ব্যবধানে জয়ও অসম্ভব মনে করছেন না নেইমার, ‘আমরা পিএসজির বিপক্ষেও সর্বস্ব দিয়ে লড়ব। তারপর দেখা যাক, কী হয়! আত্মবিশ্বাস থাকাটা জরুরি, আমাদের সেই আত্মবিশ্বাস আছে। বুধবার আমরা খুবই ভালো খেলব।’
আর বার্সেলোনা ভালো খেললে কী হয়, সেটা ভালোই জানা পিএসজি উইঙ্গার জুলিয়ান ড্রেক্সলারের। ন্যু ক্যাম্পে ফিরতি লেগের আগে তাই সতর্ক তাঁরাও, ‘অনেক দলই ন্যু ক্যাম্প থেকে ৫-০ গোলে হেরে গেছে। আমরাও জানি, যেকোনো কিছুই সম্ভব।’
তবে বেশি সতর্ক হয়ে আবার নিজেদের স্বাভাবিক খেলা থেকে সরে যেতে চান না জার্মান এই উইঙ্গার, ‘মনের গভীরে আমি বিশ্বাস করি, আমরাই কোয়ার্টার ফাইনালে খেলব। এর জন্য শুধু রক্ষণাত্মক খেললে হবে না, আক্রমণ করাটাও গুরুত্বপূর্ণ।’ এএফপি।