আশা জাগিয়েও নিরাশার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষটা হতাশার। তবে ম্যাচের শুরুতেই নাসিরউদ্দিনের দুর্দান্ত এক গোল বাংলাদেশকে দিয়েছিল আশা। চতুর্থ মিনিটেই সিঙ্গাপুরের জালে বল জড়িয়ে দেওয়ার পর নাসিরকে নিয়ে সতীর্থদের উদ্‌যাপন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
শেষটা হতাশার। তবে ম্যাচের শুরুতেই নাসিরউদ্দিনের দুর্দান্ত এক গোল বাংলাদেশকে দিয়েছিল আশা। চতুর্থ মিনিটেই সিঙ্গাপুরের জালে বল জড়িয়ে দেওয়ার পর নাসিরকে নিয়ে সতীর্থদের উদ্‌যাপন। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

ভেসে বেড়াল না জয়ের আনন্দ। হারের হতাশায় ন্যুয়ে পড়ার মতো অবস্থাও তৈরি হয়নি। একটা মিশ্র অনুভূতিই কাল ছড়িয়ে থাকল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
সবার মুখে শুরুতেই হাসি ফুটিয়েও শেষ পর্যন্ত তা হারিয়ে যাওয়ার ব্যর্থতা বাংলাদেশ দলেরই। চতুর্থ মিনিটেই দুর্দান্ত এক গোল করে বহু লড়াইয়ের নায়ক স্টপার নাসির উদ্দিন দুরন্ত সূচনা এনে দিয়েছিলেন। সেই ম্যাচই কি না বাংলাদেশ ২-১ গোলে হারল নিজেদের ভুলভ্রান্তির মূল্য দিয়ে।
ভুলের ফিরিস্তিটা অনেক লম্বা। তার আগে নাসিরের গোলটার কথা বারবার বলা উচিত। মামুনুলের ফ্রি-কিকে এক বাঁকানো হেডে বল জড়ালেন জালে। এনামুল লাফিয়েও বল পাননি, নাসির এত সুন্দর লাফ দিলেন যা অনেক দিন মনে থাকার মতো। মুখে চওড়া হাসি ছড়িয়ে সিঙ্গাপুরের কোচও এই গোলের প্রশংসা করলেন অকৃপণভাবে।
গোল পাওয়ার উজ্জীবনী শক্তিতে প্রথম মিনিট বিশেক মোটামুটি খেলছিল বাংলাদেশ। সিঙ্গাপুর খুব একটা খেলা ধরতে পারছিল না এই সময়। এরপর থেকে যে কী হলো স্বাগতিক দলের, খেলার মধ্যেই নেই যেন। নিজেদের সীমানায় একের পর ফ্রি-কিক দিচ্ছে প্রতিপক্ষকে, কর্নার হচ্ছে। বাতাসে বলের নিয়ন্ত্রণ সিঙ্গাপুরে হাতেই বেশ থাকল। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের প্রস্তুতিমূলক প্রথম প্রীতি ম্যাচের এই অংশে বাংলাদেশ দলকে চেনাই যাচ্ছিল না একদম।
ও হ্যাঁ, এই ফাঁকেই ২৫ মিনিটে এমিলি আলতো টোকায় বল জড়ালেন জালে। এমিলিরা যখন গোলের উদ্যাপন শুরু করে দিয়েছেন, রেফারি মিজানুর রহমান বাজালেন কর্নার কিকের বাঁশি। ২-০ হয়ে গেলে হয়তো আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাচটা নিরাশার গল্প হয় না। সিঙ্গাপুর নতুন প্রাণ পেয়ে ৩১ মিনিটে ১-১ করে ফেলে। হাফিজ সুজাদের নিচু ক্রস থেকে ‘নাম্বার টেন’ নওয়াজ হামিদের হেড পোস্টে লেগে ফিরলে তাঁরই টোকাতেই গোল। বাংলাদেশ দলের গোলরক্ষক হিমেল, ডিফেন্ডার ইয়াসিন ভূপাতিত। অন্য ডিফেন্ডাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন সিঙ্গাপুরের ম্যাচে ফেরার দৃশ্য।
মাঝমাঠে বলের দখল তখন অনেকটাই সিঙ্গাপুরের। তিন মিডফিল্ডার খেলাটা নিয়ন্ত্রণ করে মাঠের চারপাশে বল বাড়াচ্ছিল। মামুনুল ও জামাল ভূঁইয়া ঠিকভাবে জবাব দিতে পারেননি। এই জায়গায় বাংলাদেশের বড় ঘাটতি স্কোরলাইনেও প্রভাব ফেলেছে। বল পেলেও রাখতে পারছিলেন না খেলোয়াড়েরা, প্রচুর ভুল পাস। বঙ্গবন্ধু কাপে বাংলাদেশ দলের বল পজেশন ছিল বেশ ভালো, এদিন তার ধারেকাছেও নেই। ছন্দটা কোথায় যেন উধাও।
মাঠ শক্ত, অসমতল। তারওপর গরমে হাঁসফাঁস অবস্থা। শারীরিক সামর্থ্যের অভাব বেরিয়ে এসেছে ভালোভাবেই। বাঁ প্রান্তে সোহেল রানা নিষ্প্রভ। ডান দিকে এনামুল মাঝে মাঝে দারুণভাবে কিছু বল বাড়িয়েছেন বক্সে। বছর পাঁচেক পর দলে ফেরা এই ফরোয়ার্ডকেই যা একটু উজ্জ্বল দেখাল। দ্বিতীয়ার্ধে চনমনে স্বাগতিক দল আক্রমণে গতি এনে একটু চাপে ফেলে দেয় সিঙ্গাপুরকে। অধিনায়ক মামুনুল ইসলাম বাঁকানো একটা অসাধারণ ফ্রি-কিক নিলেন। মামুনুল তাঁর পায়ের কারুকাজ দিয়ে নজর কেড়েছেন এই অর্ধে। একবার তো ড্রিবলিং করে প্রায় বেরিয়ে যাচ্ছিলেন বিপজ্জনকভাবে। সিঙ্গাপুর রক্ষণ তাঁকে আটকেছে ফাউল করে।
দ্বিতীয়ার্ধে সোহেল রানার বদলি হয়ে অভিষিক্ত জুয়েল রানাও ঝলমলে। তাঁর কিছু ড্রিবলিং চোখ কেড়েছে। এই ফাঁকে ম্যাচে বাংলাদেশের অন্যতম সেরা মুহূর্তটাও রচিত। গতিময় এনামুলের ঠেলে দেওয়া বল একজনকে কাটিয়ে হেমন্তর প্লেসিং, সিঙ্গাপুর গোলকিপার বিন আবদুল্লাহ সানি তা ঠেকালেন কোনোক্রমে।
জয়সূচক গোলের অভিযানে বিফল বাংলাদেশ উল্টো সেই ‘সেট পিস’ দুঃখে গোল খেয়ে বসল ৭৩ মিনিটে। গোলরক্ষক হিমেল এখানে কাঠগড়ায়, কর্নারে উড়ে আসা বল পাঞ্চ করেন, বল পড়ে বক্সে অরক্ষিত ফরোয়ার্ড বিন কামালের পায়ে। দেখার মতো শটে ২-১ করতেই ম্যাচটা হেলে পড়ে সিঙ্গাপুরের দিকে।
বাংলাদেশের জন্য ম্যাচটি এই বার্তাও দিল যে ফিটনেস বাড়িয়ে দলটাকে আরও গুছিয়ে তোলাটা জরুরি।
বাংলাদেশ দল: হিমেল, রায়হান (নাসির), নাসির, ইয়াসিন, ইয়ামিন, জামাল (রাজু), মামুনুল (শাহেদ), হেমন্ত, সোহেল রানা (জুয়েল রানা), এনামুল, এমিলি (ওয়াহেদ)।