শুরু থেকেই বল দখলে রেখে ভালোই খেলছিল বাংলাদেশ। তখন মনেই হয়নি প্রথম ম্যাচে জর্ডানের কাছে ৭ গোল খাওয়ার দুঃস্বপ্ন পেছনে আছে। পাসিং ভালো হচ্ছিল, আক্রমণেও ওঠে বাংলাদেশ। সেই গতিটা ধরে রেখে গোলও এসে যায় ৩৩ মিনিটে। কর্নার থেকে বল আসে বক্সের ওপর, সোহেল রানার কোনাকুনি শট তাজিকিস্তানের এক ডিফেন্ডারের গায়ে লাগলে বল দিক বদলায়। পোস্ট ঘেঁষে দাঁড়িয়ে থাকা সোহেল মিয়া দুই হাত সামনে থেকে বলটা ঠেলে দেন জালে। গোল!
এই গোল এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে আশাবাদী করে তুলেছিল। অনেক দিন পর একটা জয়ের স্বপ্ন দেখাও তখন শুরু। কিন্তু প্রথমার্ধের বাংলাদেশ দলকে দ্বিতীয়ার্ধে আর খুঁজে পাওয়া যায়নি ফিলিস্তিনের মাঠে। প্রথম ম্যাচেও একই অবস্থা হয়েছিল। জর্ডানের কাছে প্রথম ৪৫ মিনিটে দুই গোল খাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে খায় ৫ গোল। কালও দ্বিতীয়ার্ধে হজম করতে হয়েছে ৩ গোল। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে গেছে তাজিকিস্তানের কাছে।
বাংলাদেশের খেলোয়াড়েরা শারীরিকভাবে দুর্বল। এই সমস্যা আগেও ছিল। কিন্তু এখন মনে হচ্ছে সমস্যাটা আরও বেড়েছে। ৪৫ মিনিটের বেশি নিজেদের সেরাটা মাঠে দিতে তৈরি নন তাঁরা। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস হতে পারেন বড় উদাহরণ। দেশের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে জর্ডান ম্যাচে ৩০ মিনিট পরই তুলে নিতে হয়েছিল ফিটনেস ঘাটতির কারণে। সেই হেমন্তকে কাল তাজিকিস্তান ম্যাচে একাদশেই রাখার সাহস পাননি কোচ অ্যান্ড্রু ওর্ড। ডিফেন্ডার মানিককেও নামানো হয়নি। তকলিচকে একাদশে রেখে পরে তুলে নিতে হয়েছে।
বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে ৪১ ধাপ এগিয়ে থাকা তাজিকিস্তানের অনূর্ধ্ব-২৩ দল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ঠিকই হারিয়ে দিয়েছে পিছিয়ে পড়েও। তাজিকদের বিপক্ষে ২০১০ সালে কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের পাওয়া ২-১ গোলের জয়টিই একমাত্র জয় হয়ে রইল। আশা জাগিয়েও কাল হারল বাংলাদেশ।
৫৫ মিনিটে বাংলাদেশের তিন ডিফেন্ডারকে কাটিয়ে সহজেই ১–১ করেন আমির জোন। ৬৬ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক জিকু প্রতিপক্ষ খেলোয়াড়কে বক্সে ফেলে দিয়েছিলেন। সেই জিকু বাঁ দিকে ঝাঁপিয়ে পেনাল্টি আটকালেও ফিরতি শটে বল জালে ঠেলেন স্পট কিক নেওয়া নজিম বাবাদজানভ। ৮৬ মিনিটে জোরাবায়েভের শেষ গোলটি বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে।
ভুল শুধরে কিছু করে দেখানোর জন্য আগামীকাল স্বাগতিক ফিলিস্তিনের বিপক্ষে শেষ ম্যাচটাই শুধু হাতে পাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।