আশা জিইয়ে রাখল সিটি
কথা বলতে হোসে মরিনহোর খুব একটা আপত্তি কখনোই ছিল না। স্পেনে প্রচারমাধ্যমের সঙ্গে ঠোকাঠুকি হতো প্রায় নিয়মিতই, শেষ দিকে অবশ্য তিক্ততা এতটাই বেড়ে গিয়েছিল যে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। কিন্তু ইংল্যান্ডে সেই সমস্যা কখনোই ছিল না, বরং খোঁচা মেরে, রসিকতা করে মাতিয়ে রাখেন সংবাদ সম্মেলন। কিন্তু পরশু ম্যানচেস্টার সিটির সঙ্গে ম্যাচের আগে-পরে একটা সংবাদ সম্মেলনেও মরিনহো এলেন না কেন? প্রচারমাধ্যমকে এড়িয়ে চলতে চাইছেন চেলসি কোচ?
কারণটা অনুমান করাই যায়। ডিয়েগো কস্তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করাটা ভালোভাবে নিতে পারেননি মরিনহো। কস্তাকে নিয়ে প্রচারমাধ্যমের তুমুল নিন্দামন্দের বিরুদ্ধেই হয়তো চেলসি কোচের এই মৌন প্রতিবাদ। সিটির সঙ্গে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ১-১ গোলে ড্র করার পরও বরফটা গলল না।
একদিক দিয়ে ড্রটা চেলসির জন্য খুব খারাপ ফল নয়। লিগে ৫ পয়েন্টে এগিয়ে থাকা অবস্থায় হেরে গেলে চেলসির ঘাড়ে নিঃশ্বাস ফেলত সিটি। কিন্তু স্টামফোর্ড ব্রিজ শেষ পর্যন্ত তাদের দিল ১ পয়েন্ট। রেমির ৪০ মিনিটের গোলে প্রথমে এগিয়ে যাওয়া চেলসিকে চার মিনিট পরই সমতায় টেনে নামায় সিলভার গোল।
দ্বিতীয়ার্ধে সিটি আক্রমণের খানিকটা চেষ্টা করলেও রক্ষণাত্মক চেলসি তাদের সুযোগ দেয়নি। শেষ পর্যন্ত জয়সূচক গোলটা পাওয়া হলো না কারোরই। সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি দায়ী করলেন মরিনহোর রক্ষণাত্মক কৌশলকেই। লিগের ২৩টি করে ম্যাচ শেষ, চেলসির সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান কি সিটি আর ঘোচাতে পারবে? পেলেগ্রিনি আশাবাদী, ‘এখনো আমাদের ৪৫ পয়েন্টের জন্য খেলতে হবে। আমাদের এই ৫ পয়েন্টের ব্যবধানটা কমাতে হবে।’
ইংল্যান্ডে যেমন চেলসি, স্পেনে তেমনি ছুটে চলছে রিয়াল মাদ্রিদ। পরশু অবশ্য রিয়াল সোসিয়েদাদের সঙ্গে প্রথম মিনিটেই গোল খেয়ে হকচকিয়ে গিয়েছিল রিয়াল। পরে হামেস রদ্রিগেজ, সার্জিও রামোস ও করিম বেনজেমার জোড়া গোলের কল্যাণে বড় জয়ই (৪-১) পেয়েছে। নিষেধাজ্ঞার খড়্গে বাইরে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর অভাবটা বুঝতে দেননি ওঁরা। এএফপি।