আশা টিকে রইল জুভেন্টাসের

ম্যাচের আগাগোড়া দাপট নিয়ে খেলেও জয়-বঞ্চিত বায়ার্ন মিউনিখ। শুরু থেকে আক্রমণাত্মক জার্মান-জায়ান্টদের নিজেদের মাঠে দারুণভাবে রুখে দিয়ে চ্যাম্পিয়ন লিগের শেষ আটের আশাটা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে জুভেন্টাস।
শুরুর দিকে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করার খেসারতটাই আসলে দিয়েছে বায়ার্ন। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকার পরেও শেষ ৩০ মিনিটের ঝড় এলোমেলো করে দেয় সবকিছু। ম্যাচ শেষে বায়ার্নের আক্ষেপটা তাই অনেকটা এমন, ‘ইস! শুরুর দিকে গোলের ওই সুযোগগুলো যদি কাজে লাগানো যেত!’
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেওয়া বায়ার্ন টমাস মুলারের গোলে এগিয়ে যায় ৪৩ মিনিটে। ৫৫ মিনিটে স্কোরলাইন ২-০ করে ফেলেন আরিয়েন রোবেন। দুই গোলে পিছিয়ে পড়েই যেন নিজেদের ফিরে পায় জুভেন্টাস। গতবারের রানার্সআপদের জাত্যভিমান প্রতিফলিত হতে থাকে মাঠেই। বায়ার্নের ওপর চাপ তৈরি করেই ৬০ মিনিটে পাওলো দিবালা ব্যবধানটা কমিয়ে আসেন। খেলার শেষ হওয়ার ১৪ মিনিট আগে সাইড বেঞ্চ থেকে এসে বায়ার্ন সমর্থকদের স্তব্ধ করে দেন স্টুরারো।
খেলাটা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় জুভেন্টাসের শেষ আটের আশাটা টিকে আছে ঠিকই, কিন্তু পরের লেগে মিউনিখে গিয়ে দলটি কতটা কী করতে পারে, দেখার বিষয় এখন এটিই। প্রতিপক্ষের মাঠে ২ গোলের সুবিধাটা কিন্তু ঠিকই হাতের মুঠোয় রেখে দিয়েছে পেপ গার্দিওলার দল। ম্যাচ শেষে তাই কিছুটা নির্ভারই মনে হল এই স্প্যানিশ কোচকে, ‘দেখুন গত মৌসুমে জুভেন্টাসই কিন্তু চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে। আমরা কিন্তু খেলিনি।
আমরা কোনো সাধারণ মানের দলের বিপক্ষে আজ মাঠে নামিনি। আমি আমার দলের পারফরম্যান্সে যথেষ্টই খুশি।’
আসছে মৌসুমেই ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেবেন গার্দিওলা। মিউনিখের শেষ দিনগুলোর একটিতে নিজ দলের জন্য কেবল প্রশংসাই ঝরল তাঁর কণ্ঠে, ‘আমি খুব খুশি। দল যেভাবে খেলেছে, তাতে অখুশি হওয়ার কোনো কারণ নেই। এই ম্যাচটা আমরা সারা জীবন মনে থাকবে।
জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি সমালোচনা করেছেন নিজ দলের প্রথমার্ধের পারফরম্যান্সে, ‘প্রথমার্ধটা খুব বাজে গেছে। প্রথম থেকেই যেন বায়ার্ন আমাদের চেপে ধরেছিল। কিছুতেই আমাদের তারা গুছিয়ে উঠতে দেয়নি। খেলোয়াড়দের পাসগুলোও ভালো হচ্ছিল না। তবে দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের গুছিয়ে ভালো খেলি। এমনকি আমরা জিতেও যেতে পারতাম।’
২২ বছর বয়সী স্টুরারো দারুণ খুশি দলের জন্য অবদান রাখতে পেরে, ‘আমার ছোট্ট ক্যারিয়ারের সবচেয়ে সেরা ঘটনা আজকের গোলটি।’ সূত্র: এএফপি।