আশা নিয়েই ঘরে ফিরলেন তৃণমূলের কোচরা

বাফুফে ভবন চত্বরটা কাল মুখর হয়ে উঠেছিল ২০০ শিশু-কিশোরের কলকাকলিতে। ফিফার তৃণমূল কোচিং কর্মসূচির অংশ হিসেবেই এই খুদে ফুটবলারদের নিয়ে আসা। তৃণমূল থেকে কোচ তুলে আনতে ঢাকায় এই প্রথম পাঁচ দিনের একটা কর্মশালা করল ফিফা। তারই সমাপনী দিনে কোচরা কাজ করলেন শিশুদের নিয়ে।
ছোট থেকে কীভাবে শিশুদের ফুটবল শেখাতে হবে, তারই বিভিন্ন কৌশল নিয়ে আয়োজিত এই কর্মশালায় ছিলেন সারা দেশের ২৮ জন তৃণমূল কোচ। ফিফা থেকে কোর্সের পরিচালক হিসেবে আসা সিঙ্গাপুরের ভিনসেন্ট সুব্রামনিয়াম দারুণ আশাবাদ ব্যক্ত করলেন বাংলাদেশের ফুটবল নিয়ে। বাফুফে ভবন চত্বরে দাঁড়িয়ে বলছিলেন, ‘বাংলাদেশে ফুটবল নিয়ে আগ্রহ অনেক। তৃণমূল থেকে শিশুদের গড়ে তুলতে পারলে এ দেশের ফুটবল এগিয়ে যাবে সামনে। এ জন্য চাই প্রশিক্ষিত তৃণমূল কোচ।’
এ ধরনের উদ্যোগ ফিফা অব্যাহত রাখবে বলেও তাঁর বিশ্বাস, ‘এ অঞ্চলে এমন কর্মসূচি কমই হয়। আশা করি এখন থেকে নিয়মিতই হবে।’
ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা কোচরাও আশাবাদী যে ঢাকা থেকে নিয়ে যাওয়া অভিজ্ঞতা তাঁরা কাজে লাগাবেন জেলায় গিয়ে। তৃণমূলের অনেক শিশু-কিশোরের প্রতিভা শুধু সঠিক দিকনির্দেশনার অভাবে অকালে ঝরে যায়। এই কোচরা চাইবেন প্রতিভার লালন করে আগামী দিনের ফুটবলার হিসেবে গড়ে তুলতে।