আশা নিয়েই আছেন মারুফুল
জয়ের ব্যাপারে একটু আত্মবিশ্বাসীই ছিলেন কোচ মারুফুল হক। কিন্তু কোচের আত্মবিশ্বাসে বড় একটা ধাক্কা দিয়েছেন মামুনুলরা। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সমতায় ফিরেছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ শেষে কোচের মুখে হাসি ফেরেনি। সংবাদ সম্মেলনে এসে শুরুতেই তাই ড্রয়ের ব্যাখ্যা দিলেন মারুফুল, ‘প্রথম ম্যাচে যে মালয়েশিয়াকে দেখেছি সেখানে আমাদের ম্যাচ পর্যবেক্ষণে ভুল ছিল। নেপালের সঙ্গে পুরো ম্যাচে ওদের খেলাটা বুঝতে পারিনি। দ্বিতীয় ম্যাচে ওরা ঠিকই জ্বলে উঠেছে।’
সাফের পর বঙ্গবন্ধু গোল্ড কাপের প্রথম ম্যাচেও গোল পেয়েছিলেন স্ট্রাইকার শাখাওয়াত রনি। সব আলো ছিল তাঁর ওপর। কিন্তু কাল তিনি নিজের ছায়া হয়ে রইলেন। কোচ মনে করেন মানসিক চাপে থাকার কারণেই গোল পাননি রনি, ‘গোলরক্ষককে একা পেয়েও ও সুযোগ নষ্ট করেছে। আসলে ও একটু হলেও চাপে ছিল। এ জন্যই হয়তো স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি।’ দলের পারফরম্যান্সে অবশ্য হতাশ নন মারুফুল, ‘এই ড্রয়ে আমি স্বস্তিও পাইনি, আবার হতাশও নই। এই দলের আরও ভালো খেলার সামর্থ্য আছে। এখনো পুরো ছন্দে ফিরতে পারেনি ছেলেরা।’
তবে ড্র করে সেমিফাইনালে ওঠার কাজটা যে কঠিন হয়ে গেল সেটা স্বীকার করেছেন মারুফুল, ‘আমি চেয়েছিলাম আজই জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে। এই দলের সঙ্গে জেতা উচিত ছিল। ওরা আসলে সেমিফাইনালে যাওয়াটা কঠিন করে ফেলেছে। পরের ম্যাচে জিতেই সেমিতে যেতে চাই আমরা।’
গত ম্যাচের গোলরক্ষক সোহেলের বদলে কাল কোচ আস্থা রাখেন আশরাফুল ইসলাম রানার ওপর। কোচের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে ম্যাচসেরা হয়েছেন দুর্দান্ত কয়েকটি সেভ করা গোলরক্ষক আশরাফুল। ক্যারিয়ারের মাত্র তৃতীয় আন্তর্জাতিক ম্যাচেই জিতলেন ম্যাচসেরার পুরস্কার। সংবাদ সম্মেলনে এসে উচ্ছ্বসিত আশরাফুল বলছিলেন, ‘কাল রাতেই জেনে গিয়েছিলাম আমাকে গোলপোস্ট আগলাতে হবে। মানসিকভাবে অনেক প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আগের রাত থেকেই কোচ আমাকে বলেছেন এই ম্যাচে কীভাবে খেলতে হবে। মালয়েশিয়া কীভাবে খেলে বা দূর থেকে ওরা কীভাবে শ্যুট করে সেগুলো দেখিয়ে দিয়েছেন। আমাকে বলেছিলেন শ্যুটিংয়ে মনোযোগী হতে। কোচের আস্থা কিছুটা হলেও রাখতে পেরেছি ভেবে ভালো লাগছে।’
বাংলাদেশ দলের গোলরক্ষকের জায়গাটা যেন একটা মিউজিক্যাল চেয়ার। তবে নিজেকে এই জায়গায় দীর্ঘ মেয়াদে দেখতে চান রানা, ‘আমি আমিনুল-বিপ্লব ভাইদের খেলা দেখিনি। সত্যি যে আমাদের গোলরক্ষকদের ততটা ধারাবাহিকতা নেই। তবে আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে ভালো খেলতে।’
ড্রয়েই খুশি মালয়েশিয়ার কোচ ইরফান বাকত, ‘বাংলাদেশের সঙ্গে ড্র করতে পেরেই খুশি। মাত্র ১০-১২ দিনের প্রস্তুতি নিয়ে আমরা এসেছি। তবে এখনো ছেলেদের ওপর আত্মবিশ্বাস আছে। আশা করি, শেষ ম্যাচে জিতেই সেমিফাইনালে যেতে পারব আমরা।’