আশা শেষ বার্সার?
মাত্র ১৭ ম্যাচ পরই কি লা লিগার শিরোপা লড়াই শেষ হয়ে গেল? মে মাসে শেষ হবে লিগ, কিন্তু জানুয়ারি থেকেই সেটি যে এক ঘোড়ার দৌড় হয়ে গেল পরশু রাতে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর। বার্সেলোনা কোচ লুইস এনরিকেই যেন এটি মেনে নিয়েছেন, ‘এখন আর লা লিগা আমাদের ওপর নির্ভর করছে না। এটা এখন রিয়াল মাদ্রিদের হাতে, ওরাই সবচেয়ে শক্তিশালী দল!’
১৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৩৫। লিগে পয়েন্ট তালিকায় তিনে। ওদের চেয়ে এক ম্যাচ কম খেলেও ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এখন ব্যবধান ৫ হলেও যেটি ৮ বলে ধরে নেওয়া যেতে পারে। আর সব ধরনের প্রতিযোগিতায় টানা ৩৯ ম্যাচ জেতা রিয়াল এই ফর্মটা ধরে রাখলে বার্সার পক্ষে এই ব্যবধান ঘোচানো কঠিন।
কিন্তু বার্সার কোচ হয়ে তো এত সহজে হালও ছেড়ে দেওয়া যায় না। বাস্তবতা মেনে নিলেও এনরিকের মনের কোণে আশা কিন্তু এখনো আছে, ‘এখনো তো মৌসুমের অর্ধেক বাকি। আমরা শিরোপার জন্য লড়াই চালিয়ে যাব।’
পরশুর ড্রটাও এসেছে খুব কষ্টে। ৪৯ মিনিটে নিকোলা স্যানসনের গোলে ভিয়ারিয়াল এগিয়ে যাওয়ার পর ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে বার্সাকে ১ পয়েন্ট এনে দিয়েছেন লিওনেল মেসি। এর মাঝে ৭৫ মিনিটে ভিয়ারিয়াল উইঙ্গার সরিয়ানোর শট বার্সা ডিফেন্ডার হাভিয়ের মাচেরানোর হাতে লাগায় পেনাল্টিও চেয়েছিল ভিয়ারিয়াল। রেফারি দেননি। ম্যাচ শেষে মাচেরানো দাবি করেছেন হ্যান্ডবলটা অনিচ্ছাকৃত, ‘আপনাকে বুঝতে হবে কোন বলটা ইচ্ছে করে থামানো আর কোনটা অনিচ্ছাকৃত। এখন এটা নিয়ে কথা বলে লাভ নেই, আমি তো আর হাত কেটে ফেলতে পারব না।’ এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষেও হ্যান্ডবলের জন্য পেনাল্টির দাবি তুলেছিল বার্সেলোনা।
১৯ নভেম্বর থেকে লিগে গত ছয় ম্যাচের চারটিতে ড্র করল বার্সা। জয় মাত্র দুটি। কাপে তিন ম্যাচে একটি করে ড্র-জয়-পরাজয়। সব মিলিয়ে ঘরোয়া ফুটবলে ৯ ম্যাচের মাত্র তিনটিতে জয়!
কিছুটা ছন্দহীন বার্সার বিখ্যাত আক্রমণত্রয়ী ‘এমএসএন’ও। ঘরোয়া ফুটবলে (চ্যাম্পিয়নস লিগ বাদে) ৯৯৯ মিনিটের সঙ্গে পরশু আরও ৯০ মিনিট যোগ হলো নেইমারের গোল-খরায়। বার্সার হয়ে সর্বশেষ ১১ ম্যাচে গোল পাননি নেইমার! লুইস সুয়ারেজও সর্বশেষ ১০ ম্যাচের ছয়টিতে গোলহীন। শুধু মেসিই সর্বশেষ ১০ ম্যাচের আটটিতে গোল করেছেন। কিন্তু একা মেসি আর কত টানবেন! এএফপি, গোলডটকম।