আশা শেষ সিটির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিভু নিভু জ্বলছিল শিরোপা-সম্ভাবনার প্রদীপ। সেটি জ্বালিয়ে রাখতে হলে পরশু ম্যাচটা জিততেই হতো ম্যানচেস্টার সিটিকে। কিন্তু লিগ চ্যাম্পিয়নরা উল্টো ২-১ গোলে হেরে বসেছে ক্রিস্টাল প্যালেসের কাছে। হোসে মরিনহোর চেলসি এখন শিরোপাস্বপ্নে বিভোর হতেই পারে।
ইংলিশ প্রিমিয়ার দুই থেকে চার নম্বরের লড়াইটা বরং জমজমাট। প্যালেসের কাছে ম্যাচের আগে সিটি ছিল দ্বিতীয় স্থানে, হেরে বসায় এখন চলে গেছে চারে। দুইয়ে উঠে এসেছে আর্সেনাল (৬৩), তিনে ম্যানচেস্টার ইউনাইটেড (৬২)। সিটি আছে এক পয়েন্ট পিছিয়ে চারে। চেলসি আর্সেনালের চেয়ে এগিয়ে সাত পয়েন্টে, ম্যাচও খেলেছে একটি কম (৩০টি)। রয়টার্স।
সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি সরাসরি স্বীকার না করলেও মেনে নিলেন, ‘আমরা এখন শিরোপা নিয়ে কথা বলতে চাই না। আমাদের লক্ষ্য বাকি সাত ম্যাচের সবগুলো জেতা।’