আশা-হতাশায় শেখ রাসেল
এবার অনেক দামি বিদেশি ফুটবলার আনবে বলে ঘোষণা দিয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। সর্বোচ্চ ১৫ হাজার ডলার মাসিক বেতনে হাইতি জাতীয় দলের স্ট্রাইকার কারভেসন বেলাফোর্টের আসার কথা দু-এক দিনের মধ্যে। আরেক দামি খেলোয়াড় জ্যামাইকা জাতীয় দলের স্ট্রাইকার আকিম প্রিসলে পরশু রাতে বিকেএসপি এসে যোগ দিয়েছেন দলের সঙ্গে।
প্রিসলে জ্যামাইকা জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০০৮ সালে। ১০ ম্যাচে দুটি গোল আছে তাঁর। ফিনল্যান্ড লিগে খেলেছেন। বাংলাদেশে এসে সবকিছু বুঝে ওঠার জন্য সময় চান প্রিসলে। কাল শুধু এটুকুই বললেন, ‘শুনেছি শেখ রাসেল বড় ক্লাব। এই দলের অংশ হয়ে ভালো খেলাই আমার লক্ষ্য।’
আগামী ১০ ফেব্রুয়ারি এএফসি কাপে তাজিকিস্তানে প্লে-অফ খেলবে শেখ রাসেল। ম্যাচের চার দিন আগে ঢাকা ছাড়ার কথা তাদের। সেটিরই প্রস্তুতি নিতে দলটি এখন বিকেএসপিতে। কিন্তু জাতীয় দলে তাদের আট খেলোয়াড় থাকায় এএফসি কাপের অনুশীলন পূর্ণাঙ্গ অনুশীলন হচ্ছে না। কোচ দ্রাগান দুকানোভিচ তাই একটু অতৃপ্ত, ‘গোটা দল না পাওয়ায় পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে পারছি কই! এটা বড় একটা সমস্যাই আমাদের জন্য।’