আশা হারাননি ফন গাল

এ মৌসুমে এখন পর্যন্ত দুর্দশা কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। গত মাসে লেস্টার সিটির বিপক্ষে ‘অবাক পরাজয়ে’র পর ঘুরে দাঁড়িয়েছিল লুই ফন গালের দল। পর পর দুই ম্যাচ জিতে সমর্থকদের মনে আনন্দ ফিরিয়ে এনেছিল। কিন্তু গত রাতে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পর আবারও সেই প্রশ্নটাই এল ঘুরেফিরে—ফন গাল পারবেন ইউনাইটেডের দুর্দশা দূর করতে? পারবেন এ মৌসুমে শিরোপা জিততে? ডাচ কোচের অবশ্য আশায় বসতি।
শিরোপা জয়ের প্রসঙ্গে ফন গাল বললেন, ‘এটা সম্ভব। কিন্তু এখনই বলাটা কঠিন। বললে উদ্ধত মনে হবে। তবে আমি এটা (শিরোপা জয়) অনেকবার করেছি।’ ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যাচটা অবশ্য হারতে হারতে কোনো মতে রক্ষা পেয়েছে তারকায় ঠাসা ইউনাইটেড। ৮৬ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়েছিল ওয়েস্ট ব্রম। ৮৭ মিনিটে ডেলি ব্লাইন্ডের গোলে রক্ষা পেয়েছে ইউনাইটেড। ম্যাচের ফলে দারুণ হতাশ ইউনাইটেড কোচ। ফন গাল বললেন, ‘আমি খুবই হতাশ। কারণ, এ মৌসুমে এখন পর্যন্ত সেরা খেলাটাই খেলেছি এ ম্যাচে। কিন্তু ফল আমাদের পক্ষে আসেনি।’
লিগে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান ইউনাইটেডের। মৌসুমের আরও অনেক পথ বাকি। আশাবাদী ফন গাল সমর্থকদের আশা পূরণ করতে পারবেন কি না, সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। সূত্র: এএফপি।