আশাবাদী ব্ল্যাটার, বয়কট প্লাতিনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯০ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ৫ জানুয়ারি। আর জুরিখে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে ১১ জানুয়ারি। সেপ ব্ল্যাটার কি তাহলে থাকতে পারবেন সেই অনুষ্ঠানে? বিজয়ীর হাতে কি তিনিই পুরস্কার তুলে দেবেন?
যে আইনি জটিলতায় জড়িয়ে আছেন ফিফার নিষিদ্ধ সভাপতি, তাতে আপাতত এই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। তবে ব্ল্যাটার কিন্তু খুবই আশাবাদী, মেসি-রোনালদো-নেইমারের মধ্যে সম্ভাব্য বিজয়ীর হাতে তিনিই তুলে দেবেন ট্রফিটা।
ব্ল্যাটারের ইচ্ছেটা আদৌ বাস্তবে রূপ নেবে কি না, সেটি পরিষ্কার হয়ে যেতে পারে আজ। ফিফা নৈতিকতা কমিটির সামনে আজই শুনানিতে বসছেন নিষিদ্ধ ফিফা সভাপতি। যে শুনানিকে সামনে রেখে ফুটবল প্রশাসনের একসময়ের এই হর্তাকর্তা বলেছেন, ‘আমি আশাবাদী, ফিফা নৈতিকতা কমিটিতে আমার শুনানির পর ওরা আমার নিষেধাজ্ঞা তুলে নেবে, কিংবা অন্তত আর বাড়াবে না।’ আর সেটা হলে তো জুরিখে তিনি থাকতেই পারেন! থাকবেন, এই আত্মবিশ্বাস ব্ল্যাটারের কণ্ঠেও, ‘এ বছরের ট্রফিটা তুলে দেওয়ার কথা ভেবে আমি রোমাঞ্চিত।’
কতটা রোমাঞ্চিত সেটিও বোঝা যাচ্ছে ব্ল্যাটারের কথায়, ‘ভাগ্য ভালো যে আমাকে ভোট দিতে হয়নি। কারণ ওরা তিনজনেই দারুণ ভালো। পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতলে মেসি তো ইতিহাসই গড়বে। যে ইতিহাসের পুনরাবৃত্তি করা খুব কঠিন হবে। আবার রোনালদো ও নেইমার—এরা দুজনও অসাধারণ।’
এখানে জানিয়ে রাখা ভালো, ব্ল্যাটারের মতোই দুর্নীতির অভিযোগে ৯০ দিনের নিষেধাজ্ঞা পেয়েছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও। সেই নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে প্লাতিনি আপিল করেছিলেন সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস)। কিন্তু সিএএস তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে রায় দেয়নি। ব্ল্যাটারের পরদিন তাই ফিফা নৈতিকতা কমিটির শুনানিতে বসার কথা ছিল প্লাতিনিরও। এরই মধ্যে কমিটির মুখপাত্র আন্দ্রেয়াস বান্টেল ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ-এর সঙ্গে সাক্ষাৎকারে বলে দিয়েছেন, প্লাতিনি নাকি কয়েক বছরের জন্য বহিষ্কৃত হতে যাচ্ছেন! কমিটিতে থাকা একজন আগেই এ ধরনের কথা বলে দেওয়ায় প্লাতিনির আইনজীবী ঘোষণা দিয়েছেন, শুনানি বয়কট করতে যাচ্ছেন প্লাতিনি! যদি তা-ই হয়, তাহলে নৈতিকতা কমিটি প্লাতিনির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটি দেখার অপেক্ষায় থাকতে হবে।
আবার প্লাতিনির বিরুদ্ধে মূল যে অভিযোগ, সেটিতে জড়িয়ে আছে ব্ল্যাটারের নামও। নৈতিকতা কমিটির দাবি, ব্ল্যাটারের সঙ্গে ২০ লাখ ডলারের একটা অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে তারা। এখন প্লাতিনি শাস্তি পেলে একই অভিযোগ থেকে ব্ল্যাটারের মুক্তি পাওয়ার সম্ভাবনা আসলেই কতটুকু সেই প্রশ্নও তাই থেকে যাচ্ছে।
সম্প্রতি ফিফা সদস্যদের কাছে পাঠানো এক বিবৃতিতে ব্ল্যাটার অবশ্য দাবি করেছেন, যেভাবে নৈতিকতা কমিটির তদন্ত দল এ ব্যাপারটি নিয়ে এগিয়েছে, তাতে এটা তাঁর কাছে এটি ‘উদ্দেশ্যমূলক’ ও ‘ভয়ংকর’ মনে হয়েছে। তবে এর পরও তিনি বলেছেন, ‘আমি আমার অধিকারের জন্য লড়ব। আইনের প্রতি আজ্ঞাবহ হয়ে ও বিশ্বাস রেখেই আমি সপ্তাহের শেষে কমিটির সামনে উপস্থিত হব।’ এএফপি, গোলডটকম।