আশায় আছেন রোনালদোও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিব্যদৃষ্টিতে পঞ্চম ব্যালন ডি’অরটা নিজের হাতেই দেখছেন রোনালদো l ফাইল ছবি
দিব্যদৃষ্টিতে পঞ্চম ব্যালন ডি’অরটা নিজের হাতেই দেখছেন রোনালদো l ফাইল ছবি

স্বপ্নের মতো একটা বছর কাটল এবার। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তবে সেটা নতুন নয়, কিন্তু দেশের হয়ে ইউরো জেতাটাকে একটু চমকই বলতে হবে। এমন একটা বছরের পর ক্রিস্টিয়ানো রোনালদোর হাতেই ব্যালন ডি’অর দেখছেন প্রায় সবাই। জিনেদিন জিদান যেমন কদিন আগেই বলেছেন, এটা নিয়ে কারও সংশয়ই থাকা উচিত নয়। রোনালদো নিজেও মনে হয় দিন গুনছেন সেই শুভলগ্নটার জন্য।
২০১৩ ও ২০১৪ পরপর দুই বছর ব্যালন ডি’অর জিতেছেন। তবে গতবার আবার ফিরেছে মেসি-রাজ। পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। এবার রোনালদো জিতলে তাঁর শোকেসেও থাকবে ৫টি ট্রফি। সেই আশার কথা বলেছেন নিজেই, ‘আমার লক্ষ্য প্রতিবছর ব্যালন ডি’অর জেতা। গত বছর সেটা করতে পারিনি। এবার আমি সেই আশা করছি।’
নতুন মৌসুমে ফর্মটা খুব একটা ভালো যাচ্ছিল না। তবে মাদ্রিদ-ডার্বিতে হ্যাটট্রিক করে বছরের শেষটাও রাঙিয়ে দিচ্ছেন। রিয়াল মাদ্রিদও উঠে গেছে লিগের শীর্ষে। রোনালদো অবশ্য বলছেন, এখনো অনেক পথ বাকি, ‘হ্যাঁ, ফেবারিট আমাদের বলা যায়। এই বছর আমরা ভালো খেলেছি, তবে মৌসুমের মাঝপথে একটু পথ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু পর্তুগাল যেমন ইউরোতে করেছিল, আমরাও সেই অবস্থা কাটিয়ে জেগে উঠেছি। ফুটবল আসলে স্প্রিন্ট নয়, ম্যারাথনের মতো। শেষে কে জিতবে সেটাই আসল।’
এ বছরের স্মৃতির কথা বললে ঘুরে ঘুরে ইউরো ফাইনালের ওই স্মৃতি আসবেই। ফ্রান্সের সঙ্গে ম্যাচের আগের দিনের কথাও মনে পড়ে যাচ্ছে রোনালদোর, ‘আমি সব সময়ই ভালো ঘুমাই। ফাইনালের দিন সকালে উঠে দেখলাম, আমার পাশে তিনজন স্বর্ণকেশী বসে আছে। মজা করলাম, আসলে আমি জানতাম দিনটা অন্য রকম। তবে দলের আবহটা খুবই ইতিবাচক ছিল। আমি পরিবারের সঙ্গে কথা বললাম, নিজেও কিছু সময় একান্তে কাটিয়েছিলাম। সবচেয়ে বড় ব্যাপার ছিল স্নায়ুচাপ এড়ানো। বিশ্বাস করা, আমরাও জিততে পারি। ম্যাচ শুরুর আগে রিয়ালের ফ্রেঞ্চদের (ভারানে, বেনজেমার) সঙ্গেও কথা বলিনি। টুর্নামেন্ট শুরুর আগে তো ওরা রসিকতা করছিল, পর্তুগাল তাড়াতাড়ি বাদ পড়লে আমি বড় ছুটি পাব।’
কিন্তু মাঠে সেই দুঃস্বপ্নের প্রহরটা চলে আসে, চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। রোনালদোর মনে পড়ে যাচ্ছে ওই সময়টা, ‘আমি শুরুতে ভেবেছিলাম, ট্যাকলটা এমন কিছু ছিল না। কিন্তু একটু পরেই বুঝতে পারলাম আর চালিয়ে যেতে পারব না। ভেবেছিলাম লিগামেন্টটা একেবারে ছিঁড়েই গেছে, কিন্তু ডাক্তার এসে আমাকে শান্ত করলেন, আমিও টিভিতে খেলা দেখতে শুরু করলাম। আমি ড্রেসিংরুমে লাফালাফি শুরু করেছিলাম, যে কারণে বেঞ্চে চলে গেলাম।’
বেঞ্চে যাওয়ার পরও নিশ্চুপ বসে থাকেননি রোনালদো। বরং কোচের পাশে দাঁড়িয়ে মাঠে খেলোয়াড়দের নির্দেশনাও দিতে শুরু করলেন। এটি নিয়ে তিনি বললেন, ‘সত্যি বলতে আমি একটু বাড়াবাড়িই করে ফেলেছিলাম, সবাইকে কোচের মতোই অনুপ্রাণিত করেছিলাম। আমি জানি এটা কাজে দিয়েছে, কারণ ওরা আমাকে সম্মান করে।’ মার্কা।