আশ্চর্য সমতায় মেসি-রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কটা এখন চলছে, ভবিষ্যতেও থামার কোনো লক্ষণ সম্ভবত নেই। ঘুরেফিরে ফুটবলপ্রেমীদের আড্ডায় বিষয়টা উঠবেই—‘কে বেশি ভালো? লিওনেল মেসি, না ক্রিস্টিয়ানো রোনালদো?’
সর্বকালের অন্যতম সেরা হওয়ার দাবিদার দুজনের এমন হাড্ডাহাড্ডি লড়াই ফুটবলে আর কখনো এভাবে দেখা যায়নি। গত সাত বছরে লড়াইটা পেয়েছে অন্য মাত্রা। বার্সেলোনার জার্সিতে মেসি আলো ছড়াচ্ছেন, তো জ্বলে উঠছেন রিয়াল মাদ্রিদের রোনালদো।
তবে বিতর্ক যতই থাক, পরিসংখ্যান এখন পর্যন্ত লড়াইটাকে রেখেছে আশ্চর্য সমতায়। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদো রিয়ালে যোগ দেওয়ার পর এ পর্যন্ত স্প্যানিশ লিগে দুজনেরই গোল সমান—২৭০টি!
ম্যাচ অবশ্য মেসি বেশি খেলেছেন পাঁচটি। ২০০৯-১০ মৌসুম থেকে ২৫২ ম্যাচে বার্সেলোনা ফরোয়ার্ডের গোল ২৭০টি, রোনালদো সমান গোল করেছেন ২৪৭ ম্যাচে। মাঠে কতক্ষণ ছিলেন, সে হিসাবে পার্থক্যটা আবার উনিশ-বিশ। মেসি মাত্র ১২ মিনিটই মাঠে বেশি খেলেছেন।
স্বাভাবিকভাবেই রিয়াল ফরোয়ার্ড কিছুটা ‘এগিয়ে’ মিনিটপ্রতি গোলের হারেও। তবে পার্থক্যটা মাত্র ০.০৫ মিনিটের। গড়ে প্রতি ৭৮.৫৯ মিনিটে গোল উদ্যাপন করেছেন মেসি, রোনালদো সময় নিয়েছেন তাঁর চেয়ে ০.০৫ মিনিট কম।
এতটুকু পড়েই মেসি-ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। বার্সা নাম্বার টেনও এগিয়ে আছেন কিছু কিছু হিসাবে। ম্যাচে প্রাপ্ত গোলের সুযোগকে কাজে লাগানোর হারে এগিয়ে আর্জেন্টিনা অধিনায়ক (রোনালদো অবশ্য গোলে শট নিয়েছেন অনেক বেশি)। তবে পর্তুগিজ প্রতিপক্ষকে মেসি বড় ব্যবধানে ছাড়িয়ে গেছেন সতীর্থদের গোলে সহায়তা ও সুযোগ তৈরি করে দেওয়ার হিসাবে। ডেইলি মেইল।

.
.

মেসি রোনালদো
২৭০ গোল ২৭০
২৫২ ম্যাচ ২৪৭
২১২১৮ মি. খেলেছেন ২১২০৬ মি.
৭৮.৫৯ মিনিটপ্রতি গোল ৭৮.৫৪
৯৫৩ গোলে শট ১৩৪৮
২৮.৩৩% শটকে গোলে রূপান্তর ২০.০৩%
১০৪ গোলে সহায়তা ৭৮
৫৪১ গোলের সুযোগ তৈরি ৪৪৮