আসছে মেসির ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজারিওর সেই ছোট্ট ছেলেটি কীভাবে স্পেনে এল? লা মাসিয়াতে এসে কীভাবে বদলে ফেলল তার জীবন? কীভাবে সে নিজেকে নিয়ে গেল অন্যদের চেয়ে অনেক ওপরে? লিওনেল মেসির শৈশব-কৈশোরের সব কাহিনিই অনেকবার অনেক জায়গায় পড়েছেন। তবে সেলুলয়েডের ফ্রেমে সেই গল্পটা বোধ হয় দেখেননি কেউই। নতুন বছরের শুরুতেই এই উপহার পেয়ে যাবেন, মেসিকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটা মুক্তি পাবে ওই দিনই। নামটাও একদম সরল, মেসি।
চলচ্চিত্র না বলে অবশ্য তথ্যচিত্রই বলা উচিত। হোর্হে ভালদানোর চিত্রনাট্যে স্প্যানিশ পরিচালক অ্যালেক্স ডে লা ইগলেসিয়ার এ ছবিটি বিশ্বকাপের সময়ই রিও ডি জেনিরোতে দেখানো হয়েছিল। পরে ভেনিস চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়। নতুন বছরে মুক্তি পাবে বিশ্বব্যাপী।
ঠিক অভিনয় বলা যাবে না, তবে এই তথ্যচিত্রে দেখা যাবে ফুটবলের অনেক মহারথীকেই। ইয়োহান ক্রুইফ, সিজার লুইস মেনোত্তি, হোর্হে ভালদানো, আলেসান্দ্রো সাবেলারা যেমন সাক্ষাৎকার দিয়েছেন, তেমনি কথা বলেছেন বার্সেলোনা-সতীর্থ জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও হাভিয়ের মাচেরানোরাও। মেসির পরিবারের বেশ কিছু অপ্রকাশিত রেকর্ড, পুরোনো ফুটেজ, ছবি এসবের ওপর ভিত্তি করেই ছবিটি বানিয়েছেন ইগলেসিয়া। গোলডটকম।