আসছে মেসির ভাতিজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাতিজা অগাস্তিনের সঙ্গে চাচা মেসি। বার্সা তারকার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
ভাতিজা অগাস্তিনের সঙ্গে চাচা মেসি। বার্সা তারকার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।

মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় আগমন। এরপর একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে দুরন্ত গতিতে সামনে ছোটা—লিওনেল মেসির জীবনের গল্প নানাভাবেই শোনা হয়েছে। নিশ্চয় একটা সময় থামতে হবে বার্সেলোনা তারকাকে। এরপর কী হবে? সেটি এখনই বলা মুশকিল। তবে মেসিদের পরিবার থেকে আরেকজনের আগমনী বার্তা কিন্তু টের পাওয়া যাচ্ছে এখনই।

নাহ্‌, মেসির ছেলে থিয়াগোর কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে আর্জেন্টিনার অধিনায়কের ভাইয়ের ছেলে অগাস্তিনের কথা। ছয় বছর বয়সী অগাস্তিন মেসির বড় ভাই রদ্রিগোর ছেলে। অগাস্তিন ভবিষ্যতে বার্সার জার্সি গায়ে জড়াতে এরই মধ্যে নাম লিখিয়েছে এফসিবি এসকোলায়। বার্সেলোনায় অবস্থিত এই ক্লাবটি মূলত ছয় থেকে ১১ বছর বয়সী খুদে খেলোয়াড়দের জন্যই। বার্সেলোনা ক্লাবেরও নাকি পৃষ্ঠপোষকতা রয়েছে এই এসকোলায়। অগাস্তিনের জন্য উৎসাহ হতে পারেন মার্তি রিভারোলা ও সার্জি সাম্পার। এসকোলার সাবেক এ দুই শিক্ষার্থী এরই মধ্যে গায়ে চাপিয়েছেন বার্সার জার্সি।

অত দূরে যাওয়ার দরকার কী? অগাস্তিনের হাতের কাছেই তো রয়েছেন বড় প্রেরণা—মেসি। চাচার কাছ থেকেই সে শিখে নিতে পারে বহু কিছু। এরই মধ্যে ফেসবুক-টুইটারে ভাতিজার একটা ছবি পোস্ট করেছেন মেসি । ছবিই বলে দিচ্ছে চাচা-ভাতিজার দারুণ দোস্তি। সূত্র: মেইল অনলাইন।