আসছে রোনালদোর যমজ ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদো জুনিয়র আর একা থাকছে না। শিগগিরই খেলার সাথি পেতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো-তনয়। একসঙ্গে দুজন। রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রোনালদো যে হতে যাচ্ছেন যমজ সন্তানের জনক। রোনালদো নিজে, তাঁর মা ডলোরেস আর ছেলে জুনিয়র রোনালদো অধীর অপেক্ষায় আছেন পরিবারের নতুন সদস্যদের বরণ করে নিতে।

ফিফা বর্ষসেরা পুরস্কার রাত অথবা যুক্তরাষ্ট্রের কোনো নির্জন দ্বীপে বেড়াতে যাওয়া—ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে থাকেন জর্জিনা রদ্রিগেজ। স্পেনের ২৩ বছর বয়সী এই মডেলের সঙ্গেই এখন প্রেম চলছে রোনালদোর। তবে তাঁর অনাগত দুই শিশুর মা রদ্রিগেজ নন। রোনালদোর যমজ দুই সন্তান বেড়ে উঠছে যুক্তরাষ্ট্রের এক ‘সারোগেট’ মায়ের গর্ভে।

ব্রিটিশ সংবাদপত্র দ্য সান-এর খবর, যুক্তরাষ্ট্রের ওই নারী গর্ভধারণের শেষ পর্যায়ে আছেন। রোনালদোর ঘনিষ্ঠ এক সূত্র পত্রিকাটিকে জানিয়েছেন, ‘পরিবারের নতুন সদস্যদের সঙ্গে সান্নিধ্য পেতে রোনালদো আর তাঁর পরিবার উন্মুখ হয়ে আছে।’ ওই সূত্রই জানিয়েছে, রোনালদোর দুই যমজ সন্তানই হবে ছেলে।

রোনালদো তাঁর ব্যক্তিগত আর পারিবারিক বিষয়গুলো গোপন রাখতেই পছন্দ করেন। ২০১০ সালে জন্ম নেওয়া রোনালদো জুনিয়রের মা কে, সেটি এখন পর্যন্ত জানাননি পর্তুগালের অধিনায়ক। মার্কা।