আসছেন ফিস্টারের ছেলে
বাংলাদেশের ফুটবলে অটো ফিস্টার নামটা লেখা থাকবে সোনার অক্ষরে। জার্মান এই কোচের হাত ধরেই ১৯৯৫ সালে মিয়ানমারে সেই চার জাতি ট্রফি জয়ই শুধু নয়, অটো ফিস্টার বাংলাদেশের ফুটবলের সঙ্গেই মিশে গেছেন। সেই অটো ফিস্টারের ছেলে মাইক ফিস্টার ঢাকায় আসছেন ১ নভেম্বর। তাঁর এই সফরে ঠিক হবে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা।
মাইক ফিস্টার কাজ করছেন ফিফার সিনিয়র ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। সঙ্গে আসছেন তাঁরই অধীনে কাজ করা ফিফার ডেভেলপমেন্ট অফিসার সাজি প্রভাকরন ও ফিফার টেকনিক্যাল অফিসার ভিনসেন্ট সুব্রামনিয়াম। আরও এক-দুজন যোগ হতে পারেন।
প্রতিনিধিদলটি ৫ নভেম্বর ঢাকা ছাড়ার আগে সরেজমিনে এখানে সবকিছু দেখে ঠিক করবে বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে কী প্রয়োজন। সুযোগটি এসেছে দেশগুলোর জন্য ফিফা সম্প্রতি অনুদানের অর্থ বাড়ানোয়। প্রকল্পভিত্তিক বছরে সাড়ে সাত লাখ ডলার পাওয়া যাবে। আগামী তিন বছরে (২০১৭-১৯) টাকার অঙ্কটা ২২ লাখ মার্কিন ডলার!
প্রতিনিধিদলটি ফেডারেশনের সভাপতি, কয়েকটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, স্পনসর, ডেভেলপমেন্ট কমিটি, টেকনিক্যাল কমিটিসহ সব পক্ষের সঙ্গে আড়াই দিন কাজ করবে। বাকি আধা বেলা বসে সারমর্ম তৈরি করবে। তারপর টাকাছাড়ের ব্যাপার।
প্রশ্ন হচ্ছে, ভুটান-বিপর্যয়ের পর আগামী তিন বছর বাংলাদেশ কোন কোন খাতে টাকা চাইবে? এ নিয়ে কাজ করছেন বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক পরিচালক পল স্মলি। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দিলেন কাল একটা ধারণা, ‘বেশ কিছু খাত আছে, যেমন খেলোয়াড়দের হোটেলে থাকা বাবদ অনেক টাকা চলে যাওয়ায় বাফুফে ভবনের চারতলায় খেলোয়াড়দের থাকার আধুনিক ব্যবস্থা করা, ভবনে একটা জিম ও সাব-স্টেশন তৈরি, বয়সভিত্তিক টুর্নামেন্ট, প্রশিক্ষণ, প্রিমিয়ার লিগ ঢেলে সাজানো, মেয়েদের ফুটবল, বিভিন্ন জাতীয় দলসহ আরও কিছু বিষয়ে সহায়তা চাওয়া হতে পারে।’
লক্ষণীয়, একাডেমির জন্য সাহায্য চাওয়া হবে না ফিফার কাছে। অথচ একাডেমি কতটা জরুরি, বাংলাদেশকে এই প্রথম হারিয়ে দিয়ে সেটা ভালোই বুঝিয়ে দিয়েছে ভুটান। বাফুফে সিলেট বিকেএসপিতে একাডেমি গড়ে সেটা আর চালাতে পারেনি, তাই আপাতত ওই পথ থেকে সরে আসছে। ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন বলছেন, ‘নিজেরা একাডেমি না করে আমরা বিকেএসপিতে বয়সভিত্তিক দল রেখে প্রশিক্ষণ দেব।’
ক্লাবগুলো অন্ধ হয়ে আছে, তারা একাডেমি করছে না। বাফুফেও এখন সেই পথ থেকে সরে আসায় খেলোয়াড় কীভাবে উঠে আসবে, সেটা বড় প্রশ্ন।
তবে ফুটবলের এই সংকটকালে বাফুফেতে এখন শুধু ডলারের গন্ধ! প্রকল্পভিত্তিক সাড়ে সাত লাখ ডলারের বাইরে পাওয়া যাবে আরও পাঁচ লাখ। ফিফা এত দিন বছরে অফিস খরচ বাবদ আড়াই লাখ ডলার দিত, সেটাই এবার পাঁচ লাখ ডলার হচ্ছে!
যদিও গত বছরের আড়াই লাখ ডলারের চার কিস্তির দুটি এখনো বাকি। বাফুফে বলছে, ওই দুই কিস্তি এবং নতুন আড়াই লাখের ব্যাপারে ফিফার প্রতিনিধিদল ঢাকায় এসে সিদ্ধান্ত নেবে, অর্থাৎ সব দেখে টাকাটা ছাড় করবে। টাকার প্রবাহ বাড়ছে, কিন্তু সেটির সঠিক ব্যবহার নিশ্চিত করে ভুটান-লজ্জা থেকে শিক্ষা নেবে বাফুফে?