‘তাঁর দেহাবশেষ থাকতে পারে, এমন প্রতিটি সমাধি খুঁড়ে আমি দেহাবশেষ বের করব, এরপর ডিএনএ টেস্ট করে খুঁজে দেখব, এর মধ্যে কোনোটির গারিঞ্চার কি না’—মেইজ অঞ্চলের মেয়র আগের দিনই ঘোষণাটা দিয়েছিলেন। তাঁর কথার এক দিন পরই কাজে নেমে পড়ল সাও পাওলো পুলিশ। গারিঞ্চার দেহাবশেষ কীভাবে হারিয়ে গেল, কোথায় আছে তা খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। পেলে চোট পাওয়ার পর বলতে গেলে একাই ব্রাজিলকে ১৯৬২ বিশ্বকাপ জিতিয়েছেন, ছিলেন ১৯৫৮ বিশ্বকাপজয়ী দলেও। ব্রাজিলে এমনও বলা হয়, ‘পেলে সবার সেরা, গারিঞ্চা তাঁর চেয়েও ভালো।’ ছোটখাটো গড়নের কারণে নাম হয়েছিল গারিঞ্চা বা ‘লিটল বার্ড’। আর ফুটবল পায়ে বিনোদন জোগাতেন বলে এই ড্রিবলারকে ডাকা হতো ‘জয় অব দ্য পিপল’! তবে মাঠের বাইরে অনিয়ন্ত্রিত জীবনের মূল্যই দিতে হয় তাঁকে, অতিরিক্ত মদ্যপানের কারণে ১৯৮৩ সালে মাত্র ৪৯ বছর বয়সেই মারা যান গারিঞ্চা।
মৃত্যুর তিন দশক পর হঠাৎই সেদিন আবিষ্কার হলো, সাও পাওলোর উত্তরে মেইজের যে সমাধিস্থলে গারিঞ্চাকে রাখা হয় শেষশয্যায়, সেখানে তাঁর দেহাবশেষ নেই! ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম এই সপ্তাহে জানিয়েছে, পারিবারিক যে দুটি সমাধি আছে, তার একটিতেও তাঁর দেহাবশেষ না-ও থাকতে পারে। স্থানীয় প্রশাসন অবশ্য সমাধি খুঁড়ে দেখার আবেদন করেছে, দেহাবশেষ পেলে সেটির ডিএনএ পরীক্ষা করা হবে। আর পুলিশ তদন্ত করছে কেউ দেহাবশেষ আগেই সরিয়ে ফেলেছে কি না, সেটি। রয়টার্স।