আসল জিনিসটিই পেলেন না রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব পাওয়ার মৌসুমেও যেন কিছুই পাননি রোনালদো ছবি: এএফপি
সব পাওয়ার মৌসুমেও যেন কিছুই পাননি রোনালদো ছবি: এএফপি

এস্প্যানিওলের বিপক্ষে দারুণ একটা হ্যাটট্রিক পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর হ্যাটট্রিকেই প্রতিপক্ষকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এই পর্যন্তই। রোনালদোর হ্যাটট্রিক কিংবা রিয়ালের জয় বার্সেলোনার আরও একটি লিগ শিরোপার পথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার জয়টাই শেষ করে দিয়েছে রিয়ালের সব স্বপ্ন। নগর প্রতিদ্বন্দ্বীর ব্যর্থতায় রিয়াল সমর্থকদের মন খারাপ হতেই পারে। এই ম্যাচে অ্যাটলেটিকো যদি বার্সাকে হারিয়ে দিতে পারত তবে একটা ক্ষীণ আশা থাকত, শিরোপার নিষ্পত্তিতে অন্তত শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হতো বার্সেলোনাকে।
সিআর-সেভেনের জন্য অবশ্য এবারের মৌসুমটা ব্যক্তিগত সাফল্যের পসরা সাজিয়েই এসেছিল। কাল এস্প্যানিওলের বিপক্ষে ম্যাচের ৯০ তম মিনিটে যখন হ্যাটট্রিকটি পূরণ করলেন রোনালদো ততক্ষণে রিয়ালের হয়ে ৩১০টি গোলের মালিক বনে গেছেন। হ্যাঁ, এই ৩১০ সংখ্যাটি ছুঁয়ে রোনালদো তিন গোলে পেছনে ফেলেছেন ‘গ্রেট’ আলফ্রেডো ডি স্তেফানোকে।
৩১০-এ রোনালদো ডি স্তেফানোকে পেছনে ফেলেছেন ঠিকই। তবে ছাড়িয়ে যেতে পারেননি রাউল গঞ্জালেসকে। তবে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে আর মাত্র ১৩টি গোল করলেই তিনি সবার ওপরে।
তবে রাউলকে এরই মধ্যে কিন্তু পেছনে ফেলে দিয়েছেন রোনালদো। ২০০৯ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া রোনালদো মাত্র ২৯৯টি ম্যাচ খেলেই মালিক হয়েছেন ৩১০ গোলের অনন্য সাফল্যের। রাউল তাঁর ৩২৩ গোল করেছিলেন ৭৪১টি ম্যাচ খেলে। ম্যাচ সংখ্যায় যোজন ব্যবধানেই রাউলকে পেছনে ফেলেছেন এই পর্তুগিজ তারকা।
কিন্তু এই পরিসংখ্যানগুলো রোনালদোকে কী খুশি করতে পারছে? ব্যক্তিগত সাফল্যের কাঙাল হলে ভিন্ন কথা, কিন্তু দল নিয়ে চিন্তা করলে এই সংখ্যাগুলো মনের মধ্যে খচখচানিই তৈরি করার কথা রোনালদোর মনে। লা লিগায় এবার নিয়ে তিনবার সর্বোচ্চ গোলদাতার হওয়ার গৌরব গায়ে মাখলেন তিনি, এই তিনবারের একবারও তাঁর দল রিয়াল মাদ্রিদ শিরোপা জেতেনি। রোনালদোর সর্বোচ্চ গোলদাতা হওয়া আর রিয়ালের শিরোপা জেতার মধ্যে তবে কী কোনো বিরোধ আছে? ব্যাপারটিকে না হয় খেলোয়াড় রোনালদোর দুর্ভাগ্য হিসেবেই ধরে নিই।