আসল নায়ক তো তিনিই

রুই প্যাত্রিসিও। ইউরোর আগে ছিলেন অচেনা একজন। এবার নিশ্চয়ই নজর কেড়েছেন অনেকের। কিন্তু তবু কি যতটুকু আলোয় এসেছেন, তার চেয়েও বেশি প্রাপ্য ছিল না তাঁর!
ইউরোপের নামীদামি তারকাদের ভিড়ে প্যাত্রিসিওদের জায়গা কই? দেখুন না, ফাইনালের পরও রোনালদো-গ্রিজমান-পায়েত-নানি-কারেসমা-জোয়াও-পগবা-জিরুদের নামের ভিড়ে প্যাত্রিসিও নামটি হয়তো হারিয়েই গেছে অনেকের স্মৃতিপট থেকে। কিন্তু সত্যি কথা বলতে, ফাইনালে এডারের পা থেকে পর্তুগালের জয়ের গোলটি এলেও ম্যাচের আসল নায়ক তো ছিলেন তিনিই। প্যাত্রিসিও, পর্তুগালের গোলপোস্টের বিশ্বস্ত সৈনিক।
এবার মনে পড়ল তাহলে তাঁর নাম! ফাইনালে কী অসাধারণ কিপিংটাই না করলেন। নিশ্চিত কয়েকটি গোল বাঁচিয়েছেন। অথচ, এই গোলরক্ষক ইউরোপীয় ফুটবলে মোটামুটি পরিচিত খেলোয়াড়দের তালিকাতেও কোনো দিন ছিলেন না—তারকা বলতে যা বোঝায়, সেটা তো তিনি ননই। ইউরো ফাইনালের পর কি বদলাবে তাঁর ভাগ্য? অনেকে জানতে চাইছেন কে তিনি, কোথায় খেলেন, কী করে উঠে এলেন। এও বা কম পাওয়া কীসে!
খেলেন স্পোর্টিং লিসবনে, যে ক্লাব নিজেই ইউরোপে এখন ‘গরিবদের’ কাতারে। তাঁর সম্পর্কে আরও একটা তথ্য দেওয়া যেতে পারে, ম্যানুয়েল নয়্যারের মতোই তিনি ফুটবল জীবনের শুরুতে গোলকিপারের জায়গাটা বেছে নেননি। স্ট্রাইকার হিসেবে খেলতে খেলতে কোচের ইচ্ছাতেই একদিন গোলকিপার হয়ে গিয়েছিলেন। সেই প্যাত্রিসিওই পর্তুগালের ইউরো জয়ের অন্যতম নায়ক!
অকুতোভয় কিপিং দিয়ে ফুটবল দুনিয়ার দৃষ্টিটা টেনে নিয়ে গেলেন নিজের দিকেই। সিসোকোর সেই শট, গ্রিজমানের সেই হেড কিংবা অলিভিয়ের জিরুর আক্রমণ প্রতিহত করে যেন একাই প্রাচীর হয়ে দাঁড়ালেন ফ্রান্সের সামনে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশম প্যাত্রিসিও সম্পর্কে যে স্তুতিবাক্য উচ্চারণ করেছেন, সেটা তাঁর ক্যারিয়ারের পরম পাওয়া হতে পারে, ‘গ্রিজমান সুযোগ তৈরি করেছিল। কিন্তু ওকে লড়তে হলো অবিশ্বাস্য ফর্মের এক গোলকিপারের বিপক্ষে।’
পর্তুগাল কোচ সান্তোস বলেছেন, ‘পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি শুট আউটে চমৎকার খেলা প্যাত্রিসিও ফাইনালে নিজেকে উজাড় করেই দিয়েছে। গ্রিজমান নিজেই বলেছেন, ‘আমি চেষ্টা করেছিলাম। কিন্তু পর্তুগালের গোলকিপার প্যাত্রিসিও ছিল দুর্দান্ত।’
অবিশ্বাস্য সেভগুলোর একটিতেও গোল হয়ে গেলে ম্যাচ হয়তো ৯০ মিনিটেই শেষ হয়ে যেত। শেষ হয়ে যেত পর্তুগালের স্বপ্নও।
বয়স ২৮ হয়ে গেছে, ক্যারিয়ারের বড় একটা অংশই কাটিয়ে দিয়েছেন নিজ শহরের ক্লাব স্পোর্টিং লিসবনে। পর্তুগালের হয়ে ৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন ইতিমধ্যেই। নিজের চেনা গণ্ডি ছেড়ে বড় কোনো ক্লাবে কি যাবেন? ইউরোর পর তাঁর ভাগ্যটাই বদলে যাবে?
ইউরো জয়ের অন্যতম নায়ককে এত আড়ালে থাকা কি মানায়?