আসল রোনালদোর অপেক্ষায় ইউরো
পর্তুগালের খেলার কৌশল নির্ধারণে কোচ ফার্নান্দো সান্তোসকে নাকি খুব বেশি কিছু করতে হয় না। দুটি পরিকল্পনা করলেই হয়। প্ল্যান ‘এ’—ক্রিস্টিয়ানো রোনালদোকে বল দাও। প্ল্যান ‘বি’—প্ল্যান ‘এ’-টাই আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করো।
আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া প্রথম ম্যাচে পরিকল্পনাটা খুব ভালো কাজ করেনি। পর্তুগিজ অধিনায়ক নিজেই ছিলেন নিজের ছায়া হয়ে। পুরো ম্যাচে পর্তুগালের ২৪ শটের ১০টিই ছিল তাঁর, তবু গোল করতে পারেননি। সহজ কয়েকটি সুযোগও অবিশ্বাস্যভাবে নষ্ট করেছেন। পরে আবার আইসল্যান্ডের অতিরক্ষণাত্মক খেলার সমালোচনা করে বলেছেন, ইউরোতে নবাগত দলটি নাকি ‘সংকীর্ণমনা’। বলতে গেলে মাঠ ও মাঠের বাইরের কাণ্ড মিলিয়ে প্রথম ম্যাচটা ভুলে যাওয়ার মতোই ছিল ইউরোর সবচেয়ে বড় তারকার।
নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে প্যারিসে আজ পর্তুগালের সামনে অস্ট্রিয়া। টুর্নামেন্টে টিকে থাকাটা নিশ্চিত করতে রোনালদোদের এ ম্যাচটি জিততেই হবে। ‘পর্তুগালের যুবরাজ’ স্বরূপে ফিরবেন? একটি রেকর্ডও হাতছানি দিচ্ছে তাঁকে। আজ এক গোল করলেই চারটি ইউরোতে গোল করার রেকর্ড গড়বেন রোনালদো।
অস্ট্রিয়া ডিফেন্ডার মার্টিন হিন্টেরেগার প্রতিজ্ঞা, রোনালদোকে স্বরূপে ফিরতে দেবেন না, ‘ওর (রোনালদো) গতি আটকে দেওয়াই হবে সবচেয়ে বড় কাজ। পায়ে বল নিয়ে চকিতে ঘুরলে বা দৌড়াতে শুরু করলে ওকে থামানো কঠিন তো বটেই, মাঝে মাঝে অসম্ভবও।’ কিন্তু ম্যাচ থেকে অস্ট্রিয়া কিছু পেতে চাইলে রোনালদোকে থামানো অবশ্যকর্তব্য। সেই পরিকল্পনা নিয়েই নামবেন ধারে বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখে খেলা ডিফেন্ডার, ‘ওকে বল জোগানোর পথ বন্ধ করতে হবে আমাদের। আর নিশ্চিত করতে হবে ও যেন বল নিয়ে ঘুরতে না পারে। ওর খেলা নষ্ট করাটাই আমাদের সাফল্যের একমাত্র মন্ত্র।’
তার মানে আরও একটা ম্যাচে প্রতিপক্ষের ‘সংকীর্ণ মানসিকতা’র বলি হবেন রোনালদোরা! সম্ভবত না। বাছাইপর্বে অপরাজিত থেকে ইউরোয় এসে প্রথম ম্যাচে হাঙ্গেরির কাছে ২-০ গোলে হেরে গেছে অস্ট্রিয়া। আজ আরেকটি হারে আলাবা-আর্নাউটোভিচদের হয়ে যেতে পারে বিদায়। অস্ট্রিয়া কোচ মার্সেল কোলারের বক্তব্যেও তাই প্রসঙ্গক্রমে প্রথম ম্যাচ, ‘শুরুর ম্যাচ বলে সেদিন কয়েকজন খেলোয়াড় হয়তো স্নায়ুচাপে ভুগেছে। কোনো বোতাম চেপে তো আর আমরা বলতে পারি না, “এখন আমরা নিজেদের সেরা খেলাটা খেলব।” তবে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, পর্তুগালের বিপক্ষে জয়ের চেষ্টাই করতে হবে।’ দুই দলের জয়ের চেষ্টায় ম্যাচটা জমবে, এমনটাই চাওয়া দর্শকদের।
দিনের অন্য ম্যাচটিতে আইসল্যান্ডের বিপক্ষে অবশ্য নিরঙ্কুশ ফেবারিট হাঙ্গেরি। দুই দলের সর্বশেষ পাঁচ সাক্ষাতেই জিতেছে হাঙ্গেরিয়ানরা। আজ ‘ছক্কা’ হাঁকানোর অপেক্ষা। অবশ্য ছক্কা হওয়ার আগেই সেটিকে ‘ক্যাচ’ বানানোর সামর্থ্য যে আছে, সেটি পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচেই দেখিয়েছেন সিগুর্ডসন-গুডিয়েনসনদের আইসল্যান্ড। উয়েফাডটকম, এএফপি, রয়টার্স।