আসল লড়াই শুরুর আগেই রোনালদো-উন্মাদনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস বি দলের বিপক্ষে নিতান্তই অগুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিলেন। প্রাক-মৌসুম প্রস্তুতিতে ছিলেন না বলেই হয়তো দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। তবে আসল লড়াই শুরুর আগে এই ম্যাচ ঘিরেই মানুষের সে কী উন্মাদনা!
রোনালদোর সঙ্গে সেলফি তুলতে মাঠে আরেক রোনালদো! জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রোনালদো। সেটি জুভেন্টাসেরই ‘বি’ দলের সঙ্গে। শেষ পর্যন্ত তা আর ম্যাচ রইল কই! হয়ে গিয়েছিল রোনালদোর সঙ্গে জুভ সমর্থকদের সেলফি তোলার মহোৎসব।  ছবি: রয়টার্স
রোনালদোর সঙ্গে সেলফি তুলতে মাঠে আরেক রোনালদো! জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রোনালদো। সেটি জুভেন্টাসেরই ‘বি’ দলের সঙ্গে। শেষ পর্যন্ত তা আর ম্যাচ রইল কই! হয়ে গিয়েছিল রোনালদোর সঙ্গে জুভ সমর্থকদের সেলফি তোলার মহোৎসব। ছবি: রয়টার্স

‘রোনালদো, আমাদের চ্যাম্পিয়নস লিগ এনে দাও।’ ম্যাচের আগে মাঠে ঢোকার পথে সমর্থকদের চিৎকারে অনুরণিত শব্দগুচ্ছ।

শুরুর দিন থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে জুভেন্টাস সমর্থকদের সবচেয়ে বড় চাওয়াই তো এটি। সেই ১৯৯৬-এর পর থেকে ইউরোপ-সেরা হওয়া হচ্ছে না জুভেন্টাসের। এবার রোনালদো এসেছেন, নতুন স্বপ্নে তাই বুক বাঁধা। আর শুরুটা যদি হয় ইঙ্গিত, তাহলে সমর্থকদের স্বপ্নের পালে জোর হাওয়াই দিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

১০ কোটি ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার পর পরশু জুভেন্টাস ‘বি’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে সাদা-কালো জার্সিটা প্রথমবার গায়ে জড়িয়েছেন রোনালদো। ৫-০ গোলে জয়ের ম্যাচে জুভের ‘সিনিয়র’ দলের প্রথম গোলটাই তাঁর, সময় নিয়েছেন মাত্র ৮ মিনিট। গড়ে দিয়েছেন পাওলো দিবালার জোড়া গোলের প্রথমটিও। একটা আত্মঘাতী গোল খেয়েছে জুভেন্টাস ‘বি’, সেটিও পোস্টের সামনে রোনালদোর পায়ে বল যাওয়া রুখতে গিয়ে।

শুধু রোনালদোর গোলে সহায়তার কথা বললে হয়তো অর্ধেকই বলা হয়। ম্যাচের ভেন্যুটাই নান্দনিক। ইতালিয়ান আল্পসের পাদদেশে তুরিনের ছোট্ট এলাকা ভিলার পেরোসার গায়েতানো সিরেয়া স্টেডিয়ামটা চারদিক দিয়ে পাহাড়ঘেরা। পাঁচ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট্ট স্টেডিয়াম মুগ্ধ হলো রোনালদোর তারকাদ্যুতিতে। জুভেন্টাসের মালিক আগনেল্লি পরিবারের ‘রাজ্য’ ভিলার পেরোসায় বসবাস চার হাজার মানুষের। ম্যাচের টিকিট বা ভিলার পেরোসার নাগরিকত্বের কোনো প্রমাণ দেখাতে না পারলে কাউকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। ৬০০ পুলিশ কর্মকর্তা ছিলেন নিরাপত্তার দায়িত্বে।

রোনালদোকে প্রথম দেখার উন্মাদনা বুঝতে পেরেই এমন নিরাপত্তার কড়াকড়ি। স্থানীয় সময় বিকেল পাঁচটায় শুরু ম্যাচের কয়েক ঘণ্টা আগে থেকেই স্টেডিয়ামে ঢোকার পথে দর্শক-সংবাদকর্মীদের লম্বা সারি। ৮ মিনিটে মাঝমাঠ থেকে আসা লম্বা বল ধরে, অফসাইড ভেঙে রোনালদোর গোলের পর ‘ক্রিস্টিয়ানো, ক্রিস্টিয়ানো’ ধ্বনি আরও জোরালো। প্রথমার্ধেই এক দর্শক মাঠে ঢুকে সোজা দৌড় দেন তাঁদের নতুন ‘নাম্বার সেভেনে’র দিকে। নিরাপত্তাকর্মীরা তাঁকে বের করে দেওয়ার আগে রোনালদোকে আলিঙ্গনেও বাঁধার সৌভাগ্য হয়েছে তাঁর। দ্বিতীয়ার্ধে আর নামেননি রোনালদো। তবে প্রথমার্ধের বিরতিতে ড্রেসিংরুমে ঢোকার পথেই হারিয়ে গেছেন সমর্থকদের ভিড়ে। ধৈর্য ধরে সমর্থকদের সঙ্গে ছবি তুলেছেন পর্তুগিজ ফরোয়ার্ড, দিয়েছেন অটোগ্রাফও। সেলফি তুলেছেন সতীর্থদের সঙ্গেও।

দ্বিতীয়ার্ধে রোনালদো না থাকলেও মাঠে দর্শকদের ‘অবৈধ অনুপ্রবেশ’ থেমে থাকেনি। সেটা নাকি জুভেন্টাসের প্রতিবছরের মৌসুমসূচক এই ম্যাচটির নিয়মিত চিত্র। এমনই অবস্থা, শয়ে শয়ে দর্শক মাঠে নেমে পড়ায় ৭২ মিনিটেই ম্যাচটা শেষ করে দিতে হয়েছে। দর্শকেরা সে সময় মাঠে যে খেলোয়াড়কেই কাছে পেয়েছেন, ঘিরে ধরেছেন মৌমাছির মতো। সেলফি-অটোগ্রাফ তো ছিলই, এই মৌসুমেই এসি মিলান থেকে জুভেন্টাসে ফেরা ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিকে মাঠ ছাড়তে হয়েছে শুধু অন্তর্বাসে!

ম্যাচ বাতিল হওয়ার পরও রোনালদো আবার মাঠে এসেছেন, আরেক দফা হয়েছে অটোগ্রাফ-সেলফি বিতরণ। সমর্থকদের উন্মাদনায় ভেসেছেন আরেকবার। ভালোবাসায় সিক্ত হয়ে সমর্থকদের চাওয়াটাও হয়তো রোনালদো টের পেয়েছেন। চ্যাম্পিয়নস লিগ! মাসিমো সাভেলি নামের এক দর্শক এএফপিকে বলছিলেন, ‘রোনালদো আসায় চ্যাম্পিয়নস লিগ নিয়ে আমাদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। ও সর্বশেষ তিনবার শিরোপাটা জিতেছে।’ আর আগনেল্লি পরিবারের কোম্পানি ফিয়াটের প্রধান জন এলকান মুগ্ধ রোনালদোয়, ‘বিশ্বের সেরা খেলোয়াড় এখন বিশ্বের সেরা দলে এসেছে। সাদা-কালো জার্সিতে ও যত সহজে মানিয়ে নিয়েছে, যেভাবে দলের সঙ্গে মিশে গেছে...সেটি দেখে ভালো লাগছে।’

ভালো লাগাটা মৌসুম শেষেও থাকলেই রোনালদোর জুভেন্টাস অভিযান সফল।