আসলাম, মানিককে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চ চট্টগ্রামে হয়ে গেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিশেষ সাধারণ সভা (ইজিএম)। বাফুফের নির্বাচন সামনে রেখে ওই দিনই ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘ফুটবল বাঁচাও’ স্লোগান নিয়ে এক হয়েছিলেন সাবেক ফুটবলার, কোচ, ক্লাব কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকেরা। বাফুফের ইজিএমে যাওয়া প্রতিনিধিদের মুঠোফোনে সেদিন নানা রকম নেতিবাচক ও বিভ্রান্তিকর বার্তা পাঠানো হয়েছিল। বাফুফের বর্তমান কমিটির কার্যক্রম নিয়ে সমালোচনা করেছিলেন ‘ফুটবল বাঁচাও’ আন্দোলনে নামা ফুটবলার ও কর্মকর্তারা। সবাই সেদিন বাফুফের বিরুদ্ধে কথা বললেও শাস্তি পেতে যাচ্ছেন ফেডারেশন থেকে সদ্য পদত্যাগী সদস্য শেখ মোহাম্মদ আসলাম, শেখ জামাল ধানমন্ডির কোচ শফিকুল ইসলাম মানিক ও বাড্ডা জাগরণীর কর্মকর্তা আবু হাসান প্রিন্স। আচরণবিধি ভঙ্গ করার দায়ে এই তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেবে বাফুফে। এ ছাড়া এক ক্রীড়া সাংবাদিকের ব্যাপারেও আইনি পদক্ষেপ নেবে বাফুফে। কাল বাফুফের জরুরি সভায় নেওয়া হয় এসব সিদ্ধান্ত।
বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী সভা শেষে জানিয়েছেন, ‘মোবাইল থেকে পাঠানো এসব এসএমএস ও একটা জাতীয় দৈনিকে ছাপা হওয়া প্রতিবেদন দেখার পরই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
আজই উল্লিখিত তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেবে বাফুফে। আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে হবে তাঁদের। ‘ফুটবল বাঁচাও’ আন্দোলনে অন্যদের সঙ্গে শেখ জামাল সভাপতি মনজুর কাদেরও বাফুফের কড়া সমালোচনা করেন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল তাঁর শাস্তির ব্যাপারেও একটা আভাস দিয়েছেন, ‘আমরা একে একে সবার ব্যাপারেই সিদ্ধান্ত নেব।’