আসলামের অনেক অভিযোগ, সালাউদ্দিনের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসলামের অভিযোগের জবাব দিলেন সালাউদ্দিন। ছবি: প্রথম আলো।
আসলামের অভিযোগের জবাব দিলেন সালাউদ্দিন। ছবি: প্রথম আলো।

ফুটবলে আবারও কালো মেঘের আনাগোনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। ফুটবল উন্নয়নের স্বপ্ন নিয়ে ২০০৮ সালে নির্বাচিত হয়ে বাফুফের নির্বাহী কমিটিতে এসেছিলেন। ২০১২ সালে দ্বিতীয় মেয়াদেও আসলাম নির্বাচিত হন খুব সহজেই। ফুটবলের সঙ্গে গত আট বছরের সম্পর্ক এ দেশের জনপ্রিয় খেলাটির জাগরণে কিছু করতে পারেনি বলেই নাকি তাঁর পদত্যাগ। বলেছেন, ‘নিজের অন্তরের দহন থেকেই এই পদত্যাগ। ফুটবলটা মরে যাচ্ছে, আমি সাবেক ফুটবলার হয়েও তেমন কিছুই করতে পারছি না—এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না। যেহেতু কিছু করতে পারছি না, তাই পদ আঁকড়ে বসে থাকার কোনো মানে দেখছি না।’

বাফুফের প্রতি এন্তার অভিযোগ আসলামের, ‘আমার তো মনে হয়, এ দেশের ফুটবল যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তা থেকে এর উদ্ধার পাওয়া খুবই কঠিন একটা কাজ। এটা সম্ভব নয় বলেই আমি মনে করি।

এই পতন ঠেকানোর জন্য কোনো উদ্যোগ নেই, কোনো পরিকল্পনা নেই, ভাবতেও অবাক লাগে। ছিলাম তো দুই মেয়াদে; আর কত! মান-সম্মান নিয়ে নীরবে চলে যাওয়াকেই এই মুহূর্তে শ্রেয় মনে করছি।’

কিছুদিন পরেই বাফুফে নির্বাচন। এমন একটা সময়ে আসলামের পদত্যাগকে অনেকেই একটু বাঁকা চোখে দেখছেন। সাম্প্রতিককালে বাফুফের সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সম্পর্কও খুব ভালো নয়। শেখ জামালের একজন কর্মকর্তা হিসেবে বিষয়টি তাঁর পদত্যাগে কোনো ভূমিকা রেখেছে কি না, জানতে চাইলে আসলাম অবশ্য তা অস্বীকার করেছেন, ‘শেখ জামালের সঙ্গে আমি জড়িত, ক্লাবের সভাপতি মনজুর কাদেরের সঙ্গেও আমার সুসম্পর্ক—সবই ঠিক আছে, কিন্তু আমার পদত্যাগের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। একজন সাবেক ফুটবলার হিসেবে বাফুফের নির্বাহী কমিটিতে খুব স্বচ্ছন্দ বোধ করছিলাম না দেখেই আমি পদত্যাগ করেছি। নির্বাচনের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।’


সাফ ফুটবলে ব্যর্থতার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন আসলাম। জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামসহ বেশ কয়েকজন সিনিয়র ফুটবলারের বিরুদ্ধে অসদাচরণ ও উচ্ছৃঙ্খলতার অভিযোগ এনেছে সেই কমিটি। আসলাম অবশ্য এই ব্যাপারেও বাফুফের ভূমিকায় অসন্তুষ্ট, ‘আমরা তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়ে দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত তো এ ব্যাপারে বাফুফেকে কিছু করতে দেখছি না। তারা সেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অবশ্য আসলামের এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘আট বছর ধরে আসলাম বাফুফের নির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে কাজ করেছে। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার হিসেবে তাঁর তো একটা দায়িত্ব ছিল। সে কীভাবে বলে যে, ফুটবল নিয়ে বাফুফেতে কোনো সঠিক পরিকল্পনা নেই!

আমি তো মনে করি, স্বাধীনতার পর সর্বশেষ আট বছর ফুটবল যেভাবে চলেছে, আগের ৩৭ বছরের তুলনায় তা নজিরবিহীন। আসলাম তো কখনো কোনো পরিকল্পনা নিয়ে আমার সঙ্গে দেখা করেনি। আমার দরজা তো সকলের জন্যই খোলা। আসলাম কোনো পরিকল্পনা নিয়ে আমার সঙ্গে দেখা করলে আমি কী ওকে ফিরিয়ে দিতাম?’

সালাউদ্দিন অবশ্য মনে-প্রাণেই চান আসলাম থাকুন, ‘সে কেন পদত্যাগ করবে। কোনো অভিযোগ থাকলে তা সে আমাকে বলতে পারত। আমি চাই আসলাম তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করবে। দরকার হলে আমি তাঁর সঙ্গে কথা বলব, আমি চাই সে ফুটবলের সঙ্গেই থাকুক।’