আসলামের পদত্যাগে বাফুফেতে ভাঙন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর আগে বেশ কয়েকজন সাবেক ফুটবলারকে বাফুফের নির্বাহী কমিটিতে নির্বাচিত হতে দেখে আশাবাদী হয়েছিলেন সবাই। নেতৃত্বে কাজী সালাউদ্দিন, আশার মাত্রাটা তাই বেড়ে গিয়েছিল আরও। সেই আশা কতটা পূরণ হয়েছে তা তর্কসাপেক্ষ। তবে দুই মাস পর আরেকটি নির্বাচনের আগে বাফুফেতে যে ভাঙন ধরেছে, সেটা এখন স্পষ্টই।
বাফুফেতে সাবেক ফুটবলারদের জোটেও লেগেছে ধাক্কা। সাবেকদের এক হয়ে ফুটবলকে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষাটাও প্রবল ঝাঁকুনি খেয়েছে। যদিও এই সময়ে সাবেকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, এমনটা বলা যাবে না। অনৈক্য বা দূরত্ব তাঁদের মধ্যে ছিলই। এবার তা প্রকাশ্যে এল নির্বাহী কমিটির সদস্যপদ থেকে শেখ মোহাম্মদ আসলামের পদত্যাগে। পরশু হঠাৎ ওই পদত্যাগে বাফুফের প্যান্ডোরার বাক্সটাও গেছে খুলে।
ফেডারেশনে কাজ করতে পারেননি বলেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন আসলাম। যে স্বপ্ন নিয়ে এসেছিলেন, সেটাও নাকি পূরণ করতে পারেননি। নিজেই বলেন, ‘বিবেকের দংশনে সরে গেলাম। ফেডারেশনে থেকে কাজ করতে না পারলে লাভ কী? ফুটবলের পতন ঠেকাতে ফেডারেশনের কোনো কার্যকর পরিকল্পনাও তো দেখছি না।’
এটিই একমাত্র কারণ হলে আসলাম একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে কেউ কেউ বলছেন, দেশের ফুটবলে সবচেয়ে বেশি গোলের (১৮ বছরের ক্যারিয়ারে ১৭৭ গোল) মালিক পদত্যাগ করেছেন আসলে ফেডারেশনে তাঁর ‘অবমূল্যায়ন’ দেখে। যদিও আগের মেয়াদে স্কুল ফুটবল কমিটির সম্পাদক ছিলেন এবং মূলত তাঁর নেতৃত্বেই দেশব্যাপী জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপ হয়েছিল। তবে ওই স্কুল ফুটবল কমিটির বিরুদ্ধে আর্থিক লেনদেনে অস্বচ্ছতার অভিযোগও উঠেছিল। এরপর আর আসলামকে বড় কোনো দায়িত্বে দেখা যায়নি। সাবেক এ তারকার মনে এ নিয়ে ক্ষোভ-হতাশার জন্ম হতেই পারে।
শোনা যাচ্ছে, সাফ ফুটবলের ব্যর্থতা তদন্তে আসলামের নেতৃত্বে গঠিত কমিটির দেওয়া প্রতিবেদন নিয়ে বাফুফের নীরবতাও এই পদত্যাগের একটা কারণ। বিশেষ করে তদন্ত প্রতিবেদন নিয়ে খেলোয়াড়দের নানা মন্তব্যের পরও ফেডারেশন প্রতিবাদ করেনি বা ব্যবস্থা নেয়নি। তবে কারও কারও ধারণা, আসলাম শেখ জামাল ক্লাবের ফুটবল কমিটির সদস্য এবং দলটির সঙ্গে বাফুফের সম্পর্ক এখন সাপে নেউলে। হতে পারে শেখ জামালের ইচ্ছায় ফেডারেশন ছেড়েছেন। যদিও আসলাম তা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘অমন কিছু হওয়ার প্রশ্নই আসে না।’
তবে আসলামের পদত্যাগে বাফুফে সভাপতি সালাউদ্দিনের প্রতিক্রিয়াটা তীব্র, ‘সে কখনো তো আমার কাছে কাজের পরিকল্পনা নিয়ে আসেনি। এলে যদি আমি ফিরিয়ে দিতাম তাহলে একটা কথা ছিল।’ তবে বর্তমান মেয়াদে আসলামকে বলার মতো কোনো দায়িত্বেও দেখা যায়নি। সালাউদ্দিন সেটিও মানতে নারাজ, ‘ওসব কোনো কারণ নয়। দুই মাস পর ফেডারেশনের নির্বাচন। এখন পদত্যাগ করার অর্থটা পরিষ্কার।’ তারপর প্রশ্ন তোলেন, ‘ফুটবল উন্নয়নে কাজ করতে না পারলে আরও আগে পদত্যাগ করেনি কেন?’
কারণ যা-ই হোক, এই পদত্যাগকে দুঃখজনক বলছেন আরেক সাবেক খেলোয়াড় ও ফেডারেশনের সহসভাপতি বাদল রায়। আসলামের পদত্যাগ সমর্থন করছেন না বাদল, ‘আসলামের কাজ নিয়ে কিছু বিভ্রান্তি ছিল। সেগুলো আমরা দূর করেছি। তার চেয়ে বড় কথা আমরা একসঙ্গে ছিলাম আট বছর। পুরো মেয়াদেই থাকতে চাই, আশা করি পদত্যাগপত্র তিনি প্রত্যাহার করবেন।’ সমালোচনা করলেও সালাউদ্দিনও চান আসলাম মেয়াদ পূর্ণ করেই যান।
ফেডারেশনের বিরুদ্ধে পরিকল্পনাহীনতার যে অভিযোগ এনেছেন আসলাম, সালাউদ্দিনের মতো বাদলও তা মানছেন না, ‘আট বছরে একটা জায়গায় এসেছে ফুটবল। হয়তো আরও অনেক কিছু করার ছিল বা আছে। তবে কাজ তো কিছু হয়েছে, সেটা অস্বীকার করা যায় না।’ তারপরই সংশয় প্রকাশ করেন, ‘আমার মনে হয় আসলামের পদত্যাগের পেছনে অন্য কারণ আছে।’
সেই কারণগুলো কেউ মুখ ফুটে বলতে নারাজ। মন্তব্য করতেও সাবধানী। বাফুফের নির্বাহী সদস্য সত্যজিৎ দাস রুপুর কথা, ‘পদত্যাগের কারণটা পুরোপুরি না জেনে মন্তব্য করতে পারব না।’ ইকবাল হোসেনও মন্তব্য করতে অনাগ্রহী। তবে এই পদত্যাগ বাফুফের জন্য যে ভালো লক্ষণ নয়, তা নিয়ে কারও দ্বিমত নেই।