রহমতগঞ্জ-উত্তর বারিধারা ম্যাচটা যেন আগুন ছড়াল! বুটে বুটে সংঘর্ষ এমএ আজিজ স্টেডিয়ামের গ্যালারিতেও ছড়িয়েছে উত্তেজনা। সাম্প্রতিক সময়ে রহমতগঞ্জের ম্যাচ মানেই এলাকার একদল সমর্থকের উপস্থিতি। তা যেখানেই হোক। ঢাকা থেকে আসা সেই সমর্থকেরা কালও ‘ওই ধর ধর’, ‘ওই লাইনে খেল, ওই মিস করছস কেন?’ ইত্যাদি প্রশ্ন আর নির্দেশনা যাচ্ছিল খেলোয়াড়দের দিকে।
কিন্তু তাতে কাজ হলো কই! জয়ের জন্য তৃষ্ণার্ত উত্তর বারিধারার কাছে রহমতগঞ্জ কাল হেরে গেল ২-০ গোলে। মাথা গরম করে পা চালিয়ে খেলার খেসারত দিল তারা। অথচ প্রথম পর্বে দলটির কী দাপট! যৌথভাবে শীর্ষে ছিল, কিন্তু দ্বিতীয় পর্বের গল্পটা ভিন্ন। চার ম্যাচের তিনটিতেই হার! ১৫তম রাউন্ড শেষে শীর্ষে থাকা ঢাকা আবাহনীর চেয়ে ১০ পয়েন্ট কম, শিরোপা লড়াইয়ে কার্যত আর নেই রহমতগঞ্জ।
কিছুটা দুর্ভাগ্য রহমতগঞ্জের, ক্রসবারে বল লেগেছে। গোললাইন থেকে বল ফিরিয়েছেন বারিধারার গোলরক্ষক রাজীব। উপরন্তু ৫৬ মিনিটে লাল কার্ড দেখেছেন ডিফেন্ডার এলিটা বেঞ্জামিন। যা নিয়ে ম্যাচের পর বেজায় ক্ষুব্ধ ছিলেন কোচ কামাল বাবু। লাল কার্ডের সুযোগটা নিয়েছে বারিধারা। ৭৩ মিনিটে মনির ও ৮৬ মিনিটে সবুজ গোল করে লিগে দলের চতুর্থ জয় ঘরে তুললেন। অবনমন বাঁচাতে এই জয়টা কোরামিন হিসেবে কাজ করবে ১৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে থাকা বারিধারার জন্য।
দিনের প্রথম ম্যাচে শুরুতেই গোল তুলে জয় পেয়েছে ব্রাদার্স। তিন মিনিটে প্রথম গোল এনকোচা কিংসলের, ওয়ালসন ২৫ মিনিটে ২-০ করেছেন। ৬৩ মিনিটে সাজিদ ২-১ করলেও আরামবাগ আর ফিরতে পারেনি।
আরামবাগ ভালো না খেললেও সুযোগ পেয়েছিল প্রথমার্ধে। কিন্তু ব্রাদার্সের দুই বিদেশি স্ট্রাইকারকে তারা আটকাতে পারেনি। লিগে এটি আরামবাগের তৃতীয় হার। আর নইমুদ্দিনের ব্রাদার্স তো এখন ফেডারেশন কাপ রানার্সআপ আরামবাগের চেয়ে এক পয়েন্ট (২১) বেশি নিয়ে পাঁচে।
লিগে আজ খেলা নেই। আগামীকাল থেকে এই মাঠেই ১৬তম রাউন্ড।