মৌসুমের সর্বোচ্চ গোলদাতা নন। সেরা মিডফিল্ডার, ডিফেন্ডার এমনকি গোলরক্ষকও নন। স্কটিশ ক্লাব সেন্ট মিরেনের মৌসুম-সেরা খেলোয়াড় ক্লাবের শিশুদলের ছয় বছর বয়সী অ্যারন উডঅল। অবাক হচ্ছেন? পেছনের কাহিনি শুনলে সেন্ট মিরেনকে টুপি খুলেই সম্মান জানাবেন। গত বছর শিশু উডঅলের মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর তার অস্ত্রোপচার হয়েছে, এ মুহূর্তে সে সেরে ওঠার প্রক্রিয়ায় আছে। ক্লাবের ভক্তরা নিজেদের ওয়েবসাইটে তাকেই বেছে নিয়েছে এই মৌসুমের নায়ক হিসেবে। এক বিবৃতিতে সেট মিরেন ঘোষণা করেছে, ‘অ্যারনের সাহস ও শক্তি আমাদের সবার জন্যই অনুপ্রেরণা। ও দেখিয়েছে ফুটবলের চেয়েও বড় কিছু আসলে আছে।’ গত ২০ ডিসেম্বরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে উডঅল। এরপর মাদারওয়েলের সঙ্গে ম্যাচে ক্লাবের মাসকটও ছিল সে। সেন্ট মিরেনের সমর্থকেরা ঠিক খেলোয়াড়কে বেছে নিয়েছে, কেউ বোধ হয় এটার সঙ্গে দ্বিমত করবেন না। বিবিসি।