আস্থা-অনাস্থায় বেনিতেজ

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার কোচ হওয়ার ঝামেলাটা বোধ হয় এখানেই। অন্য দলগুলোর সঙ্গে যত ভালোই করুন, এল ক্লাসিকোতে একটু পা হড়কালেই বিপদ। রাফায়েল বেনিতেজও টের পাচ্ছেন বিপদটা। ‘পা হড়কানো’ই যেখানে অপরাধ, সেখানে তাঁর দল বার্সেলোনার কাছে হেরেছে ৪-০ গোলে! তা-ও আবার নিজের মাঠে। রিয়াল কোচের চাকরিটা সুতোয় ঝুলছিল। তবে এই স্প্যানিশ কোচকে ‘আপাতত’ বাঁচিয়ে দিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। জানিয়ে দিলেন, দলের কোচের প্রতি তাঁর আস্থা আছে।
‘আপাতত’ শব্দটার ওপর একটু জোর দিতেই হচ্ছে। পেরেজের অতীত রেকর্ড বাধ্য করছে। রিয়ালের সর্বশেষ দুজন কোচ—হোসে মরিনহো ও কার্লো আনচেলত্তিও যে পেরেজের ‘আস্থা’র আশ্বাস পাওয়ার কদিনের মাথাতেই চাকরি হারিয়েছিলেন!
গত শনিবার ঘরের মাঠে এল ক্লাসিকোতে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেছে রিয়াল। ৪-০ ব্যবধান হতেই পারে একটা ফুটবল ম্যাচে, কিন্তু সেদিন রিয়ালের খেলা দেখে একবারও মনে হয়নি, ম্যাচে ফিরতে পারবে তারা। সব মিলিয়ে বেশ চাপে ছিলেন বেনিতেজ। তবে রিয়াল সভাপতি পেরেজ কোচের পাশেই দাঁড়াচ্ছেন। গত পরশু সংবাদ সম্মেলনে ‘রাফার প্রতি পূর্ণ আস্থা আছে’ জানিয়ে পরশু পেরেজ বললেন, ‘বেনিতেজের যোগ্যতা আছে, মাত্রই তিনি এখানে কাজ শুরু করেছেন। তাঁকে কাজ করতে দিন। লক্ষ্য অর্জনে সফল হবেন তিনি।’
তবে লক্ষ্য অর্জনে কতটুকু স্বাধীনতা পাচ্ছেন বেনিতেজ? এল ক্লাসিকোর দলটিকে যে স্প্যানিশ সংবাদমাধ্যমে বলা হয়েছিল, দলটা যত না বেনিতেজের, তার চেয়ে বেশি পেরেজের। তাই সংবাদ সম্মেলনে কথা বলতে হলো দল নির্বাচনে স্প্যানিশ কোচের ক্ষমতা নিয়েও। রিয়াল সভাপতির দাবি, ড্রেসিংরুমে সব ক্ষমতা কোচের হাতেই, ‘ওঁকে কেউ কিছু চাপিয়ে দেয় না (দল নির্বাচন নিয়ে)। এখানে অনেক কোচ কাজ করেছেন, সবারই পূর্ণ স্বাধীনতা ছিল।’
মাত্র চার মাস আগে দায়িত্ব নেওয়া বেনিতেজ পেরেজের আস্থায় স্বস্তিই পেতে পারেন। তবে একটা শঙ্কাও আছে। পেরেজের ‘আস্থা’র মেয়াদ যে খুব বেশি দিন টেকে না।
২০১৩ সালের জানুয়ারিতে তখনকার ক্লাব অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও সার্জিও রামোসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া মরিনহোকে পূর্ণ আস্থা জানিয়েছিলেন রিয়াল সভাপতি। এর চার মাস পরই ছাঁটাই হয়ে যান পর্তুগিজ কোচ। একই পরিণতি হয়েছিল আনচেলত্তিরও। দায়িত্ব নিয়েই প্রথম মৌসুমেই রিয়ালকে ‘লা ডেসিমা’ জিতিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। তবে গত মৌসুমে একটু পথ হারিয়ে ফেলে আনচেলত্তির রিয়াল। এর মাঝেও মার্চে তাঁর প্রতি নিজের আস্থার কথা জানিয়েছিলেন পেরেজ। পরিণতি? দুমাসই পর চাকরিচ্যুতি!
পেরেজের আস্থার যে রেকর্ড, তাতে বেনিতেজও এখন থেকেই অন্য চাকরি খোঁজা শুরু করে দিতে পারেন। মার্কা, গোলডটকম।