আস্থা যখন 'আস্থা' নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল বেনিতেজ
রাফায়েল বেনিতেজ

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার কোচ হওয়ার ঝামেলাটা বোধ হয় এখানেই। অন্য দলগুলোর সঙ্গে যত ভালোই করুন, এল ক্লাসিকোতে একটু 'পা হড়কালে'ই বিপদ। রাফায়েল বেনিতেজ এখন সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। শুধু 'পা হড়কানো'ই যেখানে অপরাধ, সেখানে তাঁর দল বার্সেলোনার কাছে হেরে গেছে ৪-০ গোলে। তা-ও আবার নিজের মাঠে। রিয়াল কোচের চাকরিটা সুতোয় ঝুলছিল। তবে এই স্প্যানিশ কোচকে 'আপাতত' বাঁচিয়ে দিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। জানিয়ে দিলেন, দলের কোচের প্রতি তাঁর আস্থা আছে।

'আপাতত' শব্দটার ওপর একটু জোর দিতেই হচ্ছে। পেরেজের অতীত রেকর্ডই বাধ্য করছে জোর দিতে। রিয়ালের সর্বশেষ দুজন কোচ—হোসে মরিনহো ও কার্লো আনচেলত্তিও যে পেরেজের 'আস্থা'র আশ্বাস পাওয়ার কদিনের মাথাতেই চাকরি হারিয়েছিলেন!

গত শনিবার ঘরের মাঠে এল ক্লাসিকোতে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেছে রিয়াল। ৪-০ ব্যবধান হতেই পারে একটা ফুটবল ম্যাচে, কিন্তু সেদিন রিয়ালের খেলা দেখে একবারও মনে হয়নি, ম্যাচে ফিরতে পারবে তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে এমন পরাজয় সমর্থকেরাও মেনে নেননি। দুয়োধ্বনি দিয়ে, সাদা রুমাল উঁচিয়ে ধরে (স্পেনে যেটিকে অসন্তোষ প্রকাশের ভাষা মনে করা হয়) প্রতিবাদ জানিয়েছিলেন। তবে রিয়াল সভাপতি পেরেজ কোচের পাশেই দাঁড়াচ্ছেন।

গতকাল ক্লাবের বোর্ডের সভা শেষে 'রাফার প্রতি পূর্ণ আস্থা আছে' জানিয়ে সংবাদ সম্মেলনে বললেন, 'বোর্ডের সভায় আমরা রিয়াল মাদ্রিদের খেলার সব দিক বিশ্লেষণ করেছি। রাফায়েল বেনিতেজের যোগ্যতা আছে, মাত্রই সে এখানে কাজ শুরু করেছে। তাঁকে কাজ করতে দিন। লক্ষ্য অর্জনে সফল হবেন তিনি।'
তবে লক্ষ্য অর্জনে কতটুকু স্বাধীনতা পাচ্ছেন বেনিতেজ? এল ক্লাসিকোর দলকে যে স্প্যানিশ সংবাদমাধ্যমে বলা হয়েছিল, 'দলটা যত না বেনিতেজের, তার চেয়ে বেশি পেরেজের।' পেরেজ নাকি একাদশও ঠিক করে দিচ্ছেন!
তাই সংবাদ সম্মেলনে কথা বলতে হলো দল নির্বাচনে স্প্যানিশ কোচের ক্ষমতা নিয়েও। রিয়াল সভাপতির দাবি, ড্রেসিংরুমে সব ক্ষমতা কোচের হাতেই, 'ওঁকে কেউ কিছু চাপিয়ে দেয় না (দল নির্বাচন নিয়ে)। এখানে অনেক কোচ কাজ করেছেন, সবারই পূর্ণ স্বাধীনতা ছিল।'
ক্লাবকে এক দশকের অপেক্ষা ঘুচিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়েও পরের মৌসুমেই চাকরি হারিয়েছিলেন আনচেলত্তি। এখন অনেকেই বলছেন, এটা ছিল পেরেজের সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি। তবে পেরেজের বক্তব্য, গত জানুয়ারি থেকে দলের ওপর পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আনচেলত্তি। তাঁকে সরানোর বিকল্প ছিল না। ডিসেম্বর পর্যন্ত টানা ম্যাচ জয়ের রেকর্ড গড়ে শীতকালীন বিরতি যাওয়া রিয়াল জানুয়ারি থেকেই পথ হারাতে শুরু করে। শেষ পর্যন্ত আর কক্ষপথে ফিরতেই পারেনি। জেতেনি কিছুই।
বেনিতেজ দায়িত্ব নিয়েছেন মাত্র চার মাস হলো। তাঁকে তাই সময় দেওয়ার পক্ষেই পেরেজ। সংবাদ সম্মেলনে পেরেজের কথা শুনে বেশ খুশিই হতে পারেন বেনিতেজ। তবে একটা শঙ্কাও আছে। পেরেজের 'আস্থা'র মেয়াদ যে খুব বেশি দিন টেকে না।
২০১৩ সালের জানুয়ারিতে ক্লাব অধিনায়ক ইকার ক্যাসিয়াস ও সার্জিও রামোসের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া মরিনহোকে পূর্ণ আস্থা জানিয়েছিলেন রিয়াল সভাপতি। এর চার মাস পরই 'লস ব্লাঙ্কোস' কোচের পদ থেকে ছাঁটাই হয়ে যান এই পর্তুগিজ। একই পরিণতি হয়েছিল আনচেলত্তিরও। দায়িত্ব নিয়েই প্রথম মৌসুমেই রিয়ালকে 'লা দেসিমা' জিতিয়েছিলেন এই ইতালিয়ান কোচ। তবে গত মৌসুমে একটু পথ হারিয়ে ফেলে আনচেলত্তির রিয়াল। এর মাঝেও মার্চে তাঁর প্রতি নিজের আস্থার কথা জানিয়েছিলেন পেরেজ। পরিণতি? দুমাসই পর চাকরিচ্যুতি!
পেরেজের 'আস্থা'র যে রেকর্ড, তাতে বেনিতেজও এখন থেকেই অন্য চাকরি খোঁজা শুরু করে দিতে পারেন। তথ্যসূত্র: মার্কা, গোলডটকম।