আহত ফুটবলারের জন্য জার্সি পাঠালেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইটারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মেসিরা। ছবি: বিবিসি।
হোয়াইটারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মেসিরা। ছবি: বিবিসি।

আধা পেশাদার ক্লাব নিউমার্কেটে টাউনে খেলতেন শন হোয়াইটার। ফুটবলটা তাঁর পেশা নয়, নেশাই ছিল। কিন্তু সেই ফুটবলই তাঁর জন্য নতুন জীবনের উপলক্ষ এনে দেবে, লিওনেল মেসি, আরদা তুরানরা তাঁর জন্য কিছু করবেন সেটা কি হোয়াইটার কখনো ভেবেছিলেন?

দুর্ঘটনাটা হয়েছিল মাস দু-এক আগে। ইংল্যান্ডের সাফোকে বন্ধু জোয়ি অ্যাবসকে গাড়ির টায়ার বদলাতে সাহায্য করছিলেন হোয়াইটার। এমন সময় ঝড়ের বেগে এক গাড়ি এসে দুজনকে ধাক্কা দিয়ে ছিটকে দেয়। দুজন একটুর জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে অ্যাবস এখনো গুরুতর অসুস্থ, আর হোয়াইটার হারিয়েছেন তাঁর দুই পা। যে ফুটবল কখনো ভালোবাসতেন, হোয়াইটার ভেবেছিলেন, আর কখনোই সেটি খেলা হবে না।

কিন্তু ফুটবলই হোয়াইটারকে আশা দেখাচ্ছে। মর্মান্তিক এই ঘটনা শোনার পর হোয়াইটারের কৃত্রিম পা লাগানোর জন্য এর মধ্যেই উদ্যোগ শুরু হয়ে গেছে। মেসি ও তুরান নিজেদের সই করা দুটি জার্সি পাঠিয়েছেন। আগামী ৯ অক্টোবর সেগুলো নিলামে তোলা হবে। জার্সি দিয়েছেন ওয়েইন রুনি ও জন টেরিও। লিভারপুল, টটেনহাম, চেলসি, ওয়েস্ট হামের আরও বেশ কয়েকজন খেলোয়াড়ই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।

আগামী বছর বিয়ে করার কথা ছিল হোয়াইটারের। এই দুর্ঘটনা তো সবকিছু তছনছ করে দেওয়ারই কথা ছিল। কিন্তু সবার পাশে এসে দাঁড়ানো হোয়াইটারকে নতুন করে আশার আলো দেখাচ্ছে। মেসি ও তুরানের কথা আলাদা করেই বলেছেন, ‘আমি জানি না মেসি ও তুরানকে কী করে ধন্যবাদ জানাব। আমরা তাঁদের জার্সি দুইটি নিলামে তুলতে যাচ্ছি।’