আহা, একটা জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ের আনন্দ এমনই। নেপালকে হারানোর আনন্দে মাঠে ঢুকে পড়লেন অনেক দর্শক l প্রথম আলো
জয়ের আনন্দ এমনই। নেপালকে হারানোর আনন্দে মাঠে ঢুকে পড়লেন অনেক দর্শক l প্রথম আলো

শেষ বাঁশির সঙ্গে সঙ্গে স্রোতের মতো মানুষ ঢুকল মাঠে। নেপালকে হারিয়ে উঠে সেই জনতার মাঝে হারিয়ে গেলেন ফুটবলাররা।
একটু বেশিই উচ্ছ্বাসে ভাসলেন কোচ লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টার। খেলা দেখতে আসা হাজার পাঁচেক দর্শকের একটা অংশ ম্যাচের পর দুই কোচকে নিয়ে প্রায় পাগলপারা। পারলে তাঁদের কাঁধে তুলে নাচে।
ছবি তোলার হিড়িকও চলল। একটা সময় জনতার আনন্দ ঢেউ সারা মাঠে আছড়ে পড়ায় দুই কোচ ভিআইপি বক্সে উঠে দেখতে লাগলেন এই দৃশ্য। সেটি ক্যামেরায়ও ধারণ করলেন। একটা জয় কেমন আবেগের ঢেউ তুলতে পারে বাংলাদেশের মনে, কোচরা কাল তা দেখলেন বনানী আর্মি স্টেডিয়ামে।
এটি বাংলাদেশ-নেপাল জাতীয় দল নয়, দুদেশের এশিয়ান গেমসগামী অনূর্ধ্ব-২৩ দলের প্রীতি ম্যাচ। কিন্তু বাস্তবে মাঠে আগুন ঝরল। ধাক্কাধাক্কি, কেউ কাউকে এক ইঞ্চি জমি না ছাড়ার অনমনীয় প্রতিজ্ঞা। এ যেন ব্রাজিল-আর্জেন্টিনা রুদ্ধশ্বাস লড়াই!
নেপাল কখনো বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল না। কিন্তু হালে বড় প্রতিপক্ষ! বয়সভিত্তিক ফুটবলে নেপালের কাছে সাম্প্রতিক বছরে ৫-১, ৪-১ হারের ক্ষত আছে বাংলাদেশের। গত বছর এএফসির চ্যালেঞ্জ কাপে স্বাগতিক নেপালকে হারানোর পর সাফ ফুটবলে সেই নেপালের কাছেই ২-০ হার। তাদের বিপক্ষে কালকের মর্যাদার দ্বৈরথে তাই ১-০ জয়টা লাল-সবুজের জন্য শুধু স্বস্তি নয়, প্রতিশোধও বটে।
বৃষ্টিভেজা কাদামাঠে স্বাভাবিক ফুটবল খেলতে পারছিল না কোনো দলই। তাই দুদলের শক্তির দিকটা ফুটে ওঠেনি পুরোপুরি। তবে বাংলাদেশ দলের শরীরের ভাষায় জয়ের নেশাটা বোঝা গেছে। রক্ষণ আঁটসাঁট, মাঝমাঠ আক্রমণ গড়ল প্রচুর। বিশেষ করে মাঝমাঠে তরুণ হেমন্ত ভিনসেন্ট চোখ কাড়লেন। তবে ৩৫ মিনিটে পায়ে চোট নিয়ে মাঠের বাইরে হেমন্ত চলে এলে বাংলাদেশ মাঝমাঠে একটু ধুঁকতে শুরু করে। ওয়াহেদের নেতৃত্বে আক্রমণভাগ ভুল করল অনেক।
তবে গুরুত্বপূর্ণ হলো, কোচের ট্যাকটিক্যাল পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছেন ফুটবলাররা। অসুস্থ বাবার পাশে কয়েক দিন কাটিয়ে কাল সকালেই ঢাকা ফিরেছেন ডি ক্রুইফ। তাঁর অবর্তমানে দলটাকে সাজিয়েছেন রেনে কোস্টার, শুরুতে ৪-৩-৩ আক্রমণাত্মক খেলা স্বাগতিক দল নেপালের রক্ষণে হানা দিয়েছে বেশ কয়েকবার। কিন্তু পোস্টে ভালো শট হচ্ছিল না।
৬০ মিনিটে এল কাঙ্ক্ষিত গোল। অধিনায়ক মামুনুল ইসলামের কর্নার নেপালের রক্ষণ বাধা পেয়ে পড়ল বাংলাদেশের নম্বর টেন সোহেল রানার পায়ে। তাঁর বাঁ পায়ের ২৫ গজি তীব্র শট নেপালের গোলরক্ষক অ্যালানের হাতে লেগে জালে। মাঠে ফুটবলারদের আনন্দের সঙ্গে মিশে গেল গ্যালারিতে আশপাশের স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসও।
অনূর্ধ্ব-২৩ হলেও এটি দুদেশেরই প্রায় জাতীয় দল। নেপালের একাদশে নয়জন, বাংলাদেশের সাতজন মূল জাতীয় দলের খেলোয়াড়। তবে নেপালের মূল জাতীয় দল যেভাবে গতিনির্ভর ফুটবল খেলে, এই দলটি কাদাময় মাঠের কারণেই হয়তো তেমন খেলতে পারেনি। প্রথমার্ধে কোণঠাসা নেপাল অবশ্য দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। শেষ দিকে নেপালের হেমান গুড়ংয়ের একটা তীব্র শট ফিস্ট করে ফিরিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক লিটন।
পরশু সিলেটে দুদলের শেষ প্রীতি ম্যাচে জিততে মরিয়া থাকবে নেপাল। ওই ম্যাচের সব টিকিটই নাকি বিক্রি হয়ে গেছে। সেদিন জিতলেই পূর্ণতা পাবে বাংলাদেশের কালকের জয়োৎসব।
বাংলাদেশ দল: লিটন, মিশু, তপু, ইয়াসিন, রায়হান, হেমন্ত (ওমর ফারুক), মামুনুল, ইউসুফ (ফাহাদ), সোহেল রানা, তকলিচ (জুয়েল রানা/ মালেক), ওয়াহেদ (সজীব)।