আহা, কলকাতার ফুটবল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিটি অব জয়।’ ঠিক পুরোটা বোঝানো যায় না।
পাশের বাড়ি? হ্যাঁ, বাংলাদেশিরা এভাবেই দেখেন।
কিন্তু ফুটবলের শহর? আর কোনো দ্বিধা নয়। কলকাতাই ভেসে উঠছে চোখের সামনে।
কলকাতা মানে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ, ফুটবলের চিরন্তন বিজ্ঞাপন। ইউটিউবে যান, দুই দলের একেকটি ম্যাচের ছবি চোখ সরাতে দেবে না। এই সেদিনও এক লাখের বেশি দর্শক হয়েছে কলকাতা ডার্বিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শহরে কত কিছু বদলে যাচ্ছে। কিন্তু ইস্টবেঙ্গল-মোহনবাগানের আকর্ষণ আজও অটুট। রেকর্ড ১ লাখ ৩১ হাজার দর্শক যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচটি দেখেছেন। ভাবা যায়!
কিন্তু হাজার মাইলেরও কম দূরত্বে এপার বাংলার ছবিটা এখন বড়ই ক্লিশে। ফুটবল নিয়ে কোনো উত্তাপ আর অবশিষ্ট নেই। আবাহনী-মোহামেডান ম্যাচেও এখন এক-দুই হাজারের বেশি দর্শক মাঠে আসেন না। সব উত্তাপ বুড়িগঙ্গায় ভেসে গেছে কবেই। ঢাকায় ফুটবলাররা এখন মাঠে নামেন নিস্তরঙ্গ ফাঁকা গ্যালারির সামনে।
এমন ম্যাড়মেড়ে পরিবেশে খেলে অনুভূতিহীন ঢাকার ফুটবলারদের নতুন অভিজ্ঞতাই দিয়েছে ৪ এপ্রিল কলকাতায় এএফসি কাপে ঢাকা আবাহনী-মোহনবাগান লড়াই। আবাহনী শুরুতে গোল করেও ৩-১-এ হেরেছে। হারের সে হতাশার সঙ্গে একটা আক্ষেপ নিয়েও ফিরেছেন আকাশি-নীলের ফুটবলাররা। আহা, ঢাকায়ও যদি কলকাতার মতো এমন ফুটবলীয় উত্তাপ থাকত!
এই আফসোস অভিজ্ঞ ওয়ালী ফয়সাল থেকে শুরু করে নবীন রুবেল মিয়ার কণ্ঠেও। তাঁরা বারবার আসল জায়গায় আলো ফেলেন, ‘আমাদের এখানেও কলকাতার মতো উত্তাপ থাকলে আজ এভাবে সবকিছু নিষ্প্রাণ হয়ে যেত না।’
কাল দুপুরে আবাহনী ক্লাবে নিজের কক্ষে বসে কথাটা বলে দুঃখ করছিলেন মামুন মিয়া। কলকাতা সফরের তাজা স্মৃতির পাতা খুলে বসেন টাঙ্গাইলের ছেলে, আকাশি-নীলের অধিনায়ক, ‘আমরা যে হোটেলে ছিলাম, সেখানে থেকে যদিও বোঝা যায়নি ফুটবলের শহরে এসে পড়েছি, কিন্তু রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে ঢোকার পর দেখি একপাশটা মোটামুটি পরিপূর্ণ। সমর্থকদের মধ্যে আগ্রহ অনেক। বুঝলাম ফুটবলটা এখানে দারুণভাবে আছে।’
সবুজ-মেরুন সমর্থকদের হাতে ছিল ব্যানার-ফেস্টুন। এই সংস্কৃতি ঢাকায় এখন আর নেই। পতাকা হাতে, জার্সি পরে মেয়েরা পর্যন্ত আবাহনী-মোহনবাগান ম্যাচ দেখতে আসেন। ঢাকায় এখন নারী দর্শক তো ডুমুরের ফুল। কিন্তু কলকাতায় আবালবৃদ্ধবনিতার কাছে উৎসবের অন্যতম অনুষঙ্গ ফুটবল। ঘটি-বাঙালের লড়াই। ৯ এপ্রিল শিলিগুড়িতে আই লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি নিয়ে কলকাতা এখন বুঁদ। তার ওপর আবাহনী-মোহনবাগান ম্যাচের দিন ৩৭ ডিগ্রি তাপমাত্রা থাকায় দর্শকের স্রোত হয়তো বয়ে যায়নি, তবে কয়েক হাজার দর্শক ঠিকই এসেছেন।
শুধু খেলা দেখাই নয়, তাঁরা মোহনবাগানের একেকজন খেলোয়াড়ের নাম ধরে নাকি অবিরাম স্লোগানও দিয়েছেন। মুগ্ধ মামুন মিয়া বলছিলেন, ‘ওরা টানা ৯০ মিনিট চিৎকার-চেঁচামেচি করে গিয়েছে, খেলোয়াড়দের নিয়ে গান গেয়েছে। ঢাকায় এসব আমরা ভাবতেই পারি না।’
মোহনবাগান সমর্থকেরা গান গেয়েছেন আসলে সনি নর্দেকে নিয়ে। ঢাকায় খেলে যাওয়া এই হাইতিয়ান প্লে-মেকার এখন কলকাতাসহ গোটা ভারত মাতাচ্ছেন। আবাহনীর জালে প্রথম গোলটি করিয়েছেন, তৃতীয়টি করেছেন। তো সনির সঙ্গে কি কোনো কথাবার্তা হলো?
আবাহনীর গোলরক্ষক সোহেল খুলে বসেন কলকাতার তাজা স্মৃতিটা, ‘সনি কথা এমনিতেই কম বলে। ম্যাচের আগে শুধু বলছিল—কিরে, কেমন আছিস। তবে আমার একটা জিনিস বেশি ভালো লেগেছে। আমরা হারলেও ওরা মজা নেয়নি। রাতে স্টেডিয়াম ছাড়ার সময় বাসে যখন উঠছিলাম, ওরা বলেছে, তোমরা ভালো খেলে হেরেছ, ব্যাড লাক।’
উইঙ্গার রুবেল মিয়া সবচেয়ে বেশি কী মনে রাখবেন? রবীন্দ্রসরোবরের মাঠটা, ‘ওই মাঠটা দেখেই মনে হচ্ছিল, সবাই ভালো খেলব। আমি খুব নিজে উদীপ্ত হই। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারলাম না, খারাপ লাগছে।’
খারাপ লাগাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হলো, কলকাতার ফুটবল-উন্মাদনা সেখানকার ক্লাব সংস্কৃতিকে যখন এগিয়ে নিচ্ছে, ঢাকা তখন শুধুই পেছনে হাঁটছে !