ইউরো ২০২০
আড়াল থেকে আলোতে তাঁরা
ইউরোর গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে গত পরশু। সেখানে আলো ছড়িয়ে হঠাৎ বিশ্ব ফুটবলেরই পরিচিত মুখ বনে গেলেন কেউ কেউ। কাল থেকে শুরু শেষ ষোলোর লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক সেই মুখগুলোকে—
ইউরোর সেরা প্রাপ্তি কে, সে রায় অনেকে এরই মধ্যে দিয়ে দিয়েছেন। ‘বিচারক’দের সে বিচারে অবশ্য আবেগই প্রাধান্য পেয়েছে। না হলে দ্বিতীয় দিনেই একটা টুর্নামেন্টের সেরা প্রাপ্তির নাম ঘোষণা করতে যায় কে!
ভয়াল সময়ের শেষে স্বস্তি ফিরে পাওয়া মনের হঠাৎ আবেগের বিস্ফোরণই ছিল সে রায়ের কারণ। ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে সেদিন হঠাৎ ক্রিস্টিয়ান এরিকসেন লুটিয়ে পড়লেন মাঠে। ডেনমার্কের মাঝমাঠের ‘হৃৎস্পন্দন’ তিনি, তাঁর বুকের হৃৎস্পন্দনই তখন অসাড়। মৃত্যুর সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত জীবন জিতল, এরিকসেন জিতলেন। স্বস্তির নিশ্বাস ফেলা ফুটবলপ্রেমীদের মনে এরিকসেনের জন্য প্রার্থনা শেষে তখন চোখ ফিরল আরেকটি নামে—সিমন কিয়ের। ডেনমার্কের ডিফেন্ডার, ডেনমার্কের অধিনায়ক। অধিনায়কত্বের সংজ্ঞা সেদিন কী দারুণ করেই না লিখলেন তিনি!
এরিকসেন মাটিতে লুটিয়ে পড়ার পর তাঁর জীবন বাঁচানো প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা, নিজের ভয়-শঙ্কা একপাশে রেখে দলের-প্রতিপক্ষের খেলোয়াড়দের আগলে রাখা, এরিকসেনের কান্নারত বান্ধবীকে বুকে টেনে নিয়ে আশ্বাস দেওয়া...ইউরোর সেরা খেলোয়াড় হওয়া-না হওয়া তো আর এসবে ঠিক হয় না। তবে ফুটবলের চেয়েও বড় কিছু—জীবন বাঁচানোর লড়াইয়ে কিয়ের জিতে নিয়েছেন সবার মন।
গত পরশু গ্রুপ পর্ব শেষ হওয়ার পর এবারের ইউরোর গ্রুপ পর্বের ‘প্রাপ্তি-অপ্রাপ্তি’র হিসাব যখন হচ্ছে, ‘অনারেবল মেনশন’-এ কিয়েরের নাম থাকবে নিশ্চিত।
কিন্তু সে তো বিশেষ বিবেচনা! আবেগকে এক পাশে সরিয়ে রেখে এবারের ইউরোর প্রাপ্তির হিসাব যখন হবে ফুটবলের নিক্তিতে, সেখানে কারা থাকছেন? ক্রিস্টিয়ানো রোনালদো, পল পগবা, লুকা মদরিচদের আলো ছড়ানোর টুর্নামেন্টে আলোচনার আড়াল থেকে এসে নিজেদের চেনালেন কারা?
সবার আগে হয়তো রবিন গোসেনসের নামটাই আসবে। জার্মান লেফটব্যাককে এক-দুই বছর আগে জার্মানিতেও খুব বেশি মানুষ চিনতেন কি না সন্দেহ। ক্লাব ফুটবলে আতালান্তার হয়ে ইতালিয়ান লিগ আর চ্যাম্পিয়নস লিগে মৌসুম দুয়েক ধরে দারুণ দেখাচ্ছেন। কিন্তু ২৬ বছর বয়সে এসে জার্মানির জার্সিতে গোসেনসের তারকা বনে যাওয়ার শুরু সম্ভবত হয়ে গেল গ্রুপে জার্মানির দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে।
রোনালদোদের ৪-২ গোলে উড়িয়ে দেওয়ার পথে জার্মানির চার গোলের চারটিতেই থাকল গোসেনসের ছোঁয়া। একটি গোল করলেন, দুটি হলো তাঁর পাস থেকে, অন্য গোলের আক্রমণেও দারুণ অবদান। অথচ তিনি একজন লেফটব্যাক!
গোসেনসকে নিয়ে এত প্রশংসায় পাত্রিক শিক একটু অভিমানে মুখ বাঁকাতে পারেন। ক্লাব ফুটবলে তাঁরও এক-আধটু পরিচিতি আছে, ইতালিয়ান লিগে রোমা-সাম্পদোরিয়া অধ্যায় শেষে জার্মানিতে লাইপজিগ হয়ে এখন আছেন বায়ার লেভারকুসেনে। কিন্তু চেক প্রজাতন্ত্রের ২৫ বছর বয়সী স্ট্রাইকারের নামটা ঘরে ঘরে ছড়ানোর শুরু তো এই ইউরো থেকে, আরও নির্দিষ্ট করে বললে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রায় মাঝমাঠ থেকে তাঁর অবিশ্বাস্য গোলের পর থেকে।
নিখুঁত হিসেবে গেলে গোলটা সেদিন শিক করেছিলেন ৪৯.৮ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শটে। টুর্নামেন্টের সেরা গোলের দৌড়ে শিকের সেই গোলকে হারাতে বেশ কসরতই করতে হবে অন্যদের। তবে শুধু এক গোলেই যে শিককে নিয়ে মাতামাতি, তা নয়। টুর্নামেন্টে তাঁর ৩টির চেয়ে বেশি গোল এখন পর্যন্ত শুধু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো (৫টি)।
নজরে আসতে যে একজন স্ট্রাইকারকে গোলই করতে হবে, এমন দিব্যি কে দিয়েছে? প্রশ্নটা করতে পারেন আলেক্সান্দার ইসাক। এখন পর্যন্ত সুইডেনের হয়ে ৩ ম্যাচে কাগজে-কলমে তাঁর অবদান বলতে শুধু একটি গোল করানো। কিন্তু গতির ঝলকে, ড্রিবলিংয়ে ইসাক বোঝালেন কেন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাসহ অনেক বড় ক্লাবই তাঁকে চায়।
নেদারল্যান্ডসের রাইটব্যাক ডেনজেল ডামফ্রিস আর ইতালির লেফটব্যাক লিওনার্দো স্পিনাৎসোলাকেও আলোচনার বাইরে রাখা ঠিক হবে না। স্পিনাৎসোলা ইতালির প্রথম ম্যাচে হয়েছেন ম্যাচসেরা, ডামফ্রিস তো আরেক ডিগ্রি এগিয়ে! প্রথম দুই ম্যাচে দুই গোল করেছেন, প্রথম গোলটি ছিল নেদারল্যান্ডসের জয়সূচক। দুই ম্যাচেরই সেরা খেলোয়াড় ডাচ ক্লাব পিএসভি আইন্দহফেনের ২৫ বছর বয়সী রাইটব্যাক।
নেদারল্যান্ডসেরই তরুণ স্ট্রাইকার ডনিয়েল মালেন গ্রুপে নিজেদের শেষ দুই ম্যাচে গতির চমকে, প্রতিভার প্রদর্শনীতে বুঝিয়ে দিয়েছেন, কেন লিভারপুলের মতো ক্লাব তাঁকে পেতে চায়। ইংল্যান্ডের কেলভিন ফিলিপস বুঝিয়েছেন, কেইন-স্টার্লিংদের নিয়ে ইংলিশ সংবাদমাধ্যমের মাতামাতির মধ্যে দলের খেলার সুর বেঁধে দেওয়ার কাজটা তাঁর মতো ডিফেন্সিভ মিডফিল্ডারদেরই।
সেদিক থেকে মিক্কেল ডামসগার্ডের চাপটা কেমন ছিল, একবার ভাবুন তো! প্রথম ম্যাচে চোখের সামনে ক্রিস্টিয়ান এরিকসেনকে এভাবে জীবন-মৃত্যুর লড়াইয়ে দেখেছেন, সেই এরিকসেনেরই বিকল্প হয়ে দলে এলেন ২২ বছর বয়সী প্লে-মেকার। গোল করেছেন একটি, কিন্তু বলে তাঁর রেশমি ছোঁয়া বুঝিয়ে দিয়েছে, হৃদ্যন্ত্র এরিকসেনকে আর ফুটবলে ফিরতে না দিলেও ডেনমার্ক হয়তো এরিকসেনের মতোই আরেকজনকে পেতে যাচ্ছে।
তবে বিকল্প নয়, এরিকসেন-ডামসগার্ডকে একসঙ্গে দেখার প্রার্থনাই নিশ্চয়ই করছেন প্রত্যেক ডেনিশ সমর্থক। সে প্রার্থনায় ডেনমার্ক একা নয়।