আয়ের রেকর্ডে চোখ ইউনাইটেডের
প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও পরাজয়। এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের পারফরম্যান্স কেমন হবে, তা নিয়ে সংশয় থাকতে পারে। তবে মাঠের বাইরের আর্থিক দিক দিয়ে বেশ বড় ‘জয়’ই পেতে যাচ্ছে ক্লাবটি। প্রথম কোনো ইংলিশ দল হিসেবে এক মৌসুমে ৫০০ মিলিয়ন পাউন্ডের বেশি উপার্জনের প্রত্যাশা ইউনাইটেডের।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে না থাকার প্রভাবটা ইউনাইটেডের ব্যালান্সশিটেও পড়েছে। টিকিট বিক্রি ও টিভি স্বত্বের আয় কমে গিয়েছিল। ইউনাইটেডের বার্ষিক লাভও কমে গিয়েছিল প্রায় ৩৮ মিলিয়ন পাউন্ড।
তবে কিছুদিন আগেই জার্সি পরিবেশক অ্যাডিডাসের সঙ্গে ৭৫০ মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছে ইউনাইটেড, যেটি কার্যকর হচ্ছে এই মাস থেকে। সঙ্গে চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ‘বোনাস’ আয়টাও ফিরছে এবার। মৌসুম শেষে তাই ৫০০-৫১০ মিলিয়ন পাউন্ডের নিট আয়ই দেখছে ইউনাইটেড। এএফপি।