ইংলিশ প্রিমিয়ার লিগ আজ থেকে
পুরো ক্রীড়াবিশ্বের চোখ রিও ডি জেনিরোতে। স্বাভাবিক, অলিম্পিক বলে কথা! নইলে বছরের এ সময়টা তো আসলে ফুটবলপ্রেমীদেরই হওয়ার কথা। ইউরোপের ফুটবল লিগগুলো শুরু হয় এ সময়। কিন্তু এবার অলিম্পিকের ডামাডোলে কিছুটা নীরবেই কাল শুরু হয়ে গেছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। আজ থেকে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগও।
অনেক কারণেই এবার প্রিমিয়ার লিগ নতুনত্বের স্বাদ নিয়ে আসছে। স্প্যানিশ লিগের বিখ্যাত গার্দিওলা-মরিনহো দ্বৈরথ এবার ফিরছে প্রিমিয়ার লিগে। হোসে মরিনহো দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির। নতুন কোচ আন্তোনিও কন্তের অধীনে মৌসুম শুরু করছে চেলসিও। ইয়ুর্গেন ক্লপের লিভারপুল আর আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল চ্যালেঞ্জ জানাতে তৈরি। আর গত মৌসুমে রূপকথার গল্প লিখে চ্যাম্পিয়ন হওয়া লেস্টার সিটি তো আছেই। চ্যাম্পিয়নশিপ থেকে এবার প্রিমিয়ার লিগে উঠে এসেছে বার্নলি, হাল সিটি আর মিডলসবরো।
হাল সিটির সঙ্গে চ্যাম্পিয়ন লেস্টারের ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু হচ্ছে। বড় ক্লাবগুলোর মধ্যে প্রথম দিনই মাঠে নামছে ম্যান সিটি। ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলার দলের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। এএফপি।