ইংলিশ প্রিমিয়ার লিগ একাই খেলছে ম্যানচেস্টার সিটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্নার্দো সিলভা। ছবি: রয়টার্স
বার্নার্দো সিলভা। ছবি: রয়টার্স

এই ম্যানচেস্টার সিটি অপ্রতিরোধ্য, দুর্দান্ত। অন্যদিকে আরেক ইংলিশ ক্লাব চেলসি যেন দিশেহারা, অন্ধকারে পথ হারানো পথিক। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতের ম্যাচই তার প্রমাণ। চেলসিকে নিয়ে যেন ছেলেখেলা খেলল পেপ গার্দিওলার শিষ্যরা। ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির কাছে রীতিমতো আত্মসমর্পণ করেছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ১-০ গোলে ম্যাচ জেতে ম্যানচেস্টার সিটি।

গোল ব্যবধান দেখে মনে হতে পারে ম্যাচটা বুঝি টানটান উত্তেজনায় ঠাসা ছিল! আসলে তেমন কিছু নয়। ৭২ ভাগ সময়-ই বল সিটির খেলোয়াড়দের পায়ে ছিল। বল দখলের এই চিত্রই বলে দিচ্ছে ম্যাচের আসল চেহারা, বুঝিয়ে দিচ্ছে চেলসির অসহায়ত্ব। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণ করলেও গোল পায়নি সিটি। তবে দ্বিতীয়ার্ধে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাঁদের। ৪৬তম মিনিটেই ডেভিড সিলভার নিচু হয়ে আসা ক্রস থেকে গোল করেন বার্নার্দো সিলভা।

বার্নার্দো সিলভা। ছবি: রয়টার্স
বার্নার্দো সিলভা। ছবি: রয়টার্স

চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে এই ম্যাচে নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করতে বাধ্যই হলেন। তাঁর এই কথাতেই সেটা পরিষ্কার-‘আজ ম্যানচেস্টার সিটি তাঁদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। সিটির সঙ্গে আমাদের পয়েন্টের ব্যবধানও ২৫। যেটা অনেক বেশি। আর অন্য ম্যাচে হারের ব্যাখ্যা থাকলেও এই ম্যাচে এমন বাজেভাবে হারের কোনো মানে নেই।’

এবারের ইংলিশ প্রিমিয়ারটাও কেমন যেন একপেশে। ম্যানচেস্টার সিটি একাই যেন খেলছে। পয়েন্ট টেবিলে চোখ বুলিয়ে নিলে তা বুঝে নিতে কষ্ট হওয়ার কথা নয়। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে থাকা লিভারপুলের সঙ্গে শীর্ষে থাকা সিটির পয়েন্ট ব্যবধান ১৮। একমাস হাতে রেখে টাইটেলও জিতে নিতে পারে সিটি। কারণ, বাকি যে ৯ ম্যাচ আছে সেগুলোর ৪ টা জিতলেই এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল ম্যানচেস্টার সিটির ঘরে। অথচ ফুটবলে এই ইংলিশ প্রিমিয়ার লিগকেই সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করা হত এক সময়!