ইংলিশ প্রিমিয়ার লিগ সেরা - এ কি নির্জলা মিথ্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় তারকারা সব ভিড়ছেন লা লিগাতে, কদর কমছে ইপিএলের
বড় তারকারা সব ভিড়ছেন লা লিগাতে, কদর কমছে ইপিএলের

ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এর একটি শিরোনাম ও একটি ছবির ক্যাপশন দিয়েই লেখাটা শুরু করা যেতে পারে। দেড় বিঘত্ লম্বা শিরোনামটা আগে শুনুন: ‘উন্মাদনায় কান দেবেন না, প্রিমিয়ার লিগ মোটেও বিশ্বের সেরা নয়...লুইস সুয়ারেজ, হামেস রদ্রিগেজ, গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদোরা এটা ভালো করেই জানেন’।
এবার ক্যাপশনটি শুনুন: ‘অনেক দিন ধরেই প্রিমিয়ার লিগকে বিশ্বের সেরা বলা হচ্ছে, কিন্তু আমরা কি মিথ্যা বলে এসেছি?’
যুক্তি দিয়ে প্রশ্নটার উত্তর খুঁজতে পারেন। জনপ্রিয়তার দিক দিয়ে এখনো ইংলিশ প্রিমিয়ার লিগই (ইপিএল) সেরা। সারা বিশ্বে ইপিএলের টিভি দর্শকই বেশি। শীর্ষ ফুটবল লিগগুলোর মধ্যেও সবচেয়ে বেশি আয় ইপিএলের। ২০১২-১৩ মৌসুমে ইপিএলের আয় ছিল দুই হাজার ৯০০ মিলিয়ন ইউরো। শুধু ফুটবল লিগ দিয়ে নয়, সব ধরনের খেলার লিগ মিলিয়েই বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আয় করা লিগ ইপিএল। এর ওপরে আছে আমেরিকান ফুটবল, বেসবল ও বাস্কেটবল।
যে কারণে বা যে লিগটাকে উদ্দেশ করে ডেইলি মেইলের এই হাহাকার, সেই স্প্যানিশ লিগ লা লিগা আয়ের দিক দিয়ে দ্বিতীয়ও নয়, বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আয় করা ফুটবল লিগ। দুইয়ে আছে জার্মানির বুন্দেসলিগা। ইপিএল কিংবা বুন্দেসলিগায় যে পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা হয়, সেটিও লা লিগায় নেই বলেই সমালোচকেরা মনে করেন। লা লিগার গত দুই দর্শকের শিরোপা জয়ের তালিকা দেখলেই বোঝা যাবে, এটি মূলত বার্সা বনাম রিয়ালের দ্বৈরথ, বাকি ১৮ ক্লাব স্রেফ দর্শক।
কিন্তু অবস্থা পাল্টাতে শুরু করেছে। গত মৌসুমে যে হিসাব পাল্টে দিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো নিজেরাই ভালো খেলেছে বলে নয়, লা লিগার মাঝারি ও দুর্বল দলগুলোও অনেক ম্যাচের প্রত্যাশিত হিসাব পাল্টে দিয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে বলে নয়, মেইলের হাহাকারের কারণ, বিশ্বের সেরা ফুটবলারদের আর আকৃষ্ট করতে পারছে না ইপিএল।
এ সময়ের সবচেয়ে বড় ‘সেনসেশন’ রদ্রিগেজ পছন্দের ক্লাব হিসেবে রিয়ালকেই বেছে নিয়েছেন। ইপিএলের গত মৌসুমের সবচেয়ে বড় তারকা সুয়ারেজ এরই মধ্যে বার্সায় নাম লিখিয়েছেন। সুয়ারেজের আগেই রিয়ালে চলে গিয়েছিলেন রোনালদো। জাবি আলোনসো আর হাভিয়ের মাচেরানোরাও। গ্যারেথ বেল তো দলবদলের বাজারে নতুন বিশ্বরেকর্ড গড়ে চলে গেলেন রিয়ালে। এসেছে লুকা মডরিচও। নেইমারও দলবদলের সময় প্রথম পছন্দ হিসেবে বেছেছেন বার্সাকে।
তবে ফুটবলে তারকার তো কমতি নেই। এঁরাই সব নন। কিন্তু সেখানেও ইপিএলের জন্য আছে হতাশা। ফুটবলে এখনকার আর বড় নামগুলো, যেমন আরিয়েন রোবেন, ফ্রাঙ্ক রিবেরি, ম্যানুয়েল নয়্যার, রবার্ট লেভানডফস্কি থেকে শুরু করে বিশ্বকাপের নায়ক মারিও গোটশেও জার্মান লিগে খেলেন। ইপিএলে আগের সেই তারার হাট এখন আর নেই।
এমন নয় ম্যান সিটির শেখ মনসুর, চেলসির রোমান আব্রামোভিচ, কিংবা ইউনাইটেডের গ্লেজারদের টাকার টান পড়েছে। ইপিএলে খেলোয়াড়দের বেতনও আকর্ষণীয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, বড় তারকারা এখন আর ইপিএলে আকৃষ্ট হচ্ছেন না। সুবিধাজনক সময়ে খেলার সম্প্রচার, সম্প্রচারের অসাধারণ মানের কারণে এখনো হয়তো বিশ্বের, বিশেষ করে এশিয়ার বড় বাজারে আধিপত্য ধরে রেখেছে ইপিএল, কিন্তু লা লিগা, বুন্দেসলিগার বাজারের হু হু উর্ধ্বমুখিতা আর ইপিএলের পড়তি ভবিষ্যতের জন্য দিচ্ছে নতুন বার্তা।