ইংলিশ প্রিমিয়ার লিগকেও পানসে বানিয়ে ফেললেন তিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংলিশ প্রিমিয়ার লিগেও আধিপত্য বিস্তার করেছেন গার্দিওলা। ছবি: রয়টার্স
ইংলিশ প্রিমিয়ার লিগেও আধিপত্য বিস্তার করেছেন গার্দিওলা। ছবি: রয়টার্স
>

• ২৯ ম্যাচ শেষে ৭৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ম্যানচেস্টার সিটি।
• সমান ম্যাচে ৬০ পয়েন্ট লিভারপুলের।
• ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
• আর মাত্র ৪ ম্যাচ জিতলেই লিগ জিতে যাবেন গার্দিওলা।

রোববার খুব ‘পানসে’ একটা ম্যাচ খেলল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে খেলা, তবু চেলসিকে মাত্র একটিই গোল দিতে পেরেছে পেপ গার্দিওলার দল। শুনেই তো মনে হচ্ছে ঘুম ধরানো ম্যাচ হয়েছে। ৯০ মিনিটের এক ম্যাচে মোটে এক গোল, টিকিট কেটে এ খেলা দেখে খুব সন্তুষ্ট হওয়ার তো কিছু নেই।

পরিসংখ্যান যে আসলেই কত্ত বড় ‘গাধা’, সেটা এ ম্যাচের স্কোরলাইন দেখলেই বোঝা যায়। মাত্র এক গোলের ব্যবধান দিয়ে রোববার সিটির আধিপত্য বুঝতে চাওয়া বোকামি হয়ে যাবে। ম্যাচের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করেছে সিটি। কদিন আগেও বার্সেলোনাকে আটকে ফেলা চেলসিও অসহায় হয়ে গিয়েছিলেন রোববার। ম্যাচ শেষে সেই অসহায়ত্ব অস্বীকার করে নিয়েছেন চেলসি কোচ। এক অর্থে আসলেই তো পানসে এক ম্যাচ। প্রতিপক্ষ যেখানে একদমই পাত্তা পায় না, সে ম্যাচকে পানসেই বলা উচিত।

অবশ্য শুধু এ ম্যাচ কেন, পুরো প্রিমিয়ার লিগকেই তো পানসে বানিয়ে ফেলেছেন গার্দিওলা। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলেছে গার্দিওলার সিটি। ২৫টিতে জয়ী, ৩টি ম্যাচ সমতায় শেষ হয়েছে। একমাত্র হার লিভারপুলের ‘ফ্যাবুলাস থ্রি’র কাছে। সে ম্যাচেও ৪-১ গোলে পিছিয়ে পড়ে ব্যবধান ৪-৩ করে ফেলেছিল সিটি। লিগ টেবিলেও সিটির পরেই আছে লিভারপুল। তবে সিটির (৭৮) চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে ক্লপের দল। ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য এক ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে। আজ রাতের ম্যাচটা জিতলে সেটা ৬২ পয়েন্ট হবে। তবুও লিগে দ্বিতীয় দলের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে থাকবে সিটি।

লিগ ফুটবলে গার্দিওলার এমন আধিপত্য নতুন কিছু নয়। বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে (২০১৩-১৪) ৭ ম্যাচ হাতে রেখেই লিগ জিতে গিয়েছিলেন। বুন্দেসলিগার প্রথম কোনো ক্লাব হিসেবে বায়ার্ন মার্চ মাসেই লিগ জিতেছিল সেবার। ৩৪ ম্যাচের লিগে ডর্টমুন্ডের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে লিগ শেষ করেছিল গার্দিওলার বায়ার্ন। পরের দুবারও বায়ার্নকে ১০ পয়েন্ট এগিয়ে রেখে লিগ জিতিয়েছেন গার্দিওলা।

লা লিগায় গার্দিওলার আধিপত্য পয়েন্টে অবশ্য দুই অঙ্ক ছোঁয়নি কখনো। ২০০৮-০৯ মৌসুমে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে শেষ করেছিল ছয় শিরোপা জেতা দলটি। পরের দুবার যথাক্রমে ৪ ও ৩ পয়েন্টের ব্যবধানে। শেষ মৌসুমে অবশ্য হোসে মরিনহো ৯ পয়েন্ট এগিয়ে লিগ জিতে পাল্টা জবাব দিয়েছিলেন গার্দিওলাকে। ওটাই ব্যতিক্রম, না হলে লিগ ফুটবল মানেই গার্দিওলার আধিপত্য।

কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে তো গার্দিওলার এমন আধিপত্য দেখার কথা ছিল না। অনেকের চোখে ইংলিশ ফুটবলই বিশ্বসেরা। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা কিংবা বায়ার্ন মিউনিখের ইউরোপিয়ান আধিপত্য চিন্তা করে এ কথা যাঁরা মানতে রাজি নন, তাঁরাও স্বীকার করে নেন, সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগ এটাই। প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে থাকে অন্তত ৬টি দল। অন্য দলগুলোও যেকোনো দিন যে-কারও মাঠে গিয়ে জেতার ক্ষমতা রাখে। আর স্পনসরদের ঢালা অর্থের কারণে স্পেন, জার্মান কিংবা ইতালিয়ান লিগের তৃতীয় স্থানে দলের চেয়েও অর্থবিত্তে শক্তিশালী এখানকার রেলিগেশনে থাকা দল। ইংল্যান্ডে তাই একক আধিপত্য দেখানো অসম্ভব।

গার্দিওলার প্রথম মৌসুমেও সেটাই মনে হয়েছিল। দলকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করেছিলেন। গ্যাব্রিয়েল জেসুস, লিরয় সানেদের মতো উঠতি তারকাদের এনেও মনমতো সাফল্য পাননি। শিরোপাহীন এক মৌসুমে কন্তের চেলসির চেয়ে ১৫ পয়েন্ট পেছনে লিগ শেষ করেছিলেন। ২০১৭-১৮ মৌসুমে একদম নিজের মতো করে দল সাজিয়েছেন গার্দিওলা। রক্ষণ ও মধ্যমাঠে নিজের ধরনের সঙ্গে যায়, এমন খেলোয়াড় নিয়ে স্কোয়াড সাজিয়েছেন। ফল, লিগে ৯ ম্যাচ হাতে রেখে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে অন্তত ১৬ পয়েন্ট এগিয়ে গার্দিওলা। আর মাত্র ৪ ম্যাচ জিতলেই লিগ জিতে যাবে সিটি!

তবে গার্দিওলা নিশ্চয় এভাবে লিগ জিততে চাইবেন না! লিভারপুলের কারণে আর্সেনালের অপরাজিত লিগ জেতার রেকর্ডটা আর ধরা হচ্ছে না। কিন্তু ভাগ্য একটু পক্ষে থাকলেই ইউনাইটেডের রেকর্ড তো ভাঙতেই পারেন। ১৯৯৯-০০ মৌসুমে আর্সেনালের চেয়ে ১৮ পয়েন্ট এগিয়ে লিগ জিতেছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের ইউনাইটেড। সবচেয়ে বেশি পয়েন্টের ব্যবধানে ইংলিশ লিগ জেতার রেকর্ড গড়তে বাকি ৯ ম্যাচে ফর্মটা ধরে রাখলেই চলছে গার্দিওলার দলের।