ইংলিশ প্রিমিয়ার লিগে আসছেন রোনালদিনহো?

একবার ভাবুন তো, ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলছে। খেলার শেষ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি কিক পেল একটি দল। সেই ফ্রি কিক নিতে এগিয়ে এলেন আর কেউ নন, রোনালদিনহো! ঠিক পড়ছেন, ফুটবল মাঠে জাদু দেখিয়ে বেড়ানো সেই রোনালদিনহো। জানুয়ারির আপাত-ঠান্ডা দলবদলের বাজারকে গরম করে দেওয়া এক খবরই মিলল কাল। ফেব্রুয়ারিতেই নাকি ইংলিশ লিগে দেখা যেতে পারে দুবার ফিফা বর্ষসেরা হওয়া এই ব্রাজিলিয়ানকে।
ইউরোপের ফুটবলের মায়া কাটিয়ে ঘরে ফিরেছিলেন ২০১১ সালেই। এরপর একের পর এক দল বদলেছেন, ব্রাজিলের পর খেলেছেন মেক্সিকোতেও। কিন্তু থিতু হতে পারেননি কোথাও। সর্বশেষ ফ্লুমিনেন্সের হয়ে খেলেছেন, কিন্তু মন বসাতে পারেননি। নিজের সেরাটা দিতে পারছেন না বলে মৌসুমের মাঝপথেই নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন ফ্লুমিনেন্স থেকে।
কিন্তু তাই বলে এখনই বুট জোড়া তুলে রাখছেন রোনালদিনহো এমনটা ভাবা ভুল হবে। ব্রাজিলিয়ান এই তারকার এজেন্টের দায়িত্বে আছেন ভাই রবার্তো। প্রিমিয়ার লিগে রোনালদিনহোর দেখা পাওয়ার ইঙ্গিতটা দিলেন রবার্তোই। ৩৫ বছর বয়সী রোনালদিনহো ফুরিয়ে গেছেন বলে যারা মনে করে, তারাও নাকি ভুল। রবার্তো বললেন, ‘আমার ভাই সম্পর্কে অন্যদের ধারণা খুব কম। তারা যা জানে না সেটি হলো, সে জিততে ভালোবাসে, সে সব সময় লড়তে চায়। তাঁর জন্য এখন এশিয়া কিংবা যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু ইংল্যান্ডে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রিমিয়ার লিগের একাধিক ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ করছে।’
রবার্তো নিজের ভাইকে আরও অনেক দিন মাঠে খেলতে দেখতে চান। তাঁর ধারণা সর্বোচ্চ পর্যায়ে এখনো অনেক কিছুই দেওয়ার বাকি আছে রোনালদিনহোর, ‘সে এখনো খেলতে চায়। সে কখনো গুরুতর চোটের শিকার হয়নি। শারীরিকভাবে সে সম্পূর্ণ সুস্থ। আমার ধারণা সে আরও তিন-চার বছর অনায়াসে খেলতে পারবে।’ ৩৫ বছর বয়সী রোনালদিনহো আরও তিন চার বছর খেলতে পারবেন কি না সেটি পরের ব্যাপার। তবে রোনালদিনহোকে একবারের জন্য হলেও প্রিমিয়ার লিগে দেখার জন্য মুখিয়ে আছেন অনেকেই।
এর আগে ২০০৩ সালে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ এসেছিল রোনালদিনহোর। কিন্তু সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের বদলে বার্সেলোনাকে বেছে নিয়েছিলেন এই ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটিও পেট্রো ডলারে ভারী হয়ে তাঁকে দলে টানার চেষ্টা করেছিল। ২০১১ সালে ব্ল্যাক বার্ন রোভার্স তাঁকে দলে নেওয়ার একটা চেষ্টা করেছিল। সেবারও প্রিমিয়ার লিগকে না বলে দিয়েছিলেন রোনালদিনহো। এবার কী তাঁকে দেখার সৌভাগ্য হবে ইংলিশ ফুটবলের?