ইংলিশ লিগে ফ্লপ বিশ্বকাপ তারকারা

এই তো কিছু দিন আগেই তাঁরা ছিলেন সম্পূর্ণ অন্য রকম। বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সেই তাঁরা নিজেদের নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। হয়েছিলেন নিজ নিজ দলের ভরসার কেন্দ্র। তাঁদের উজ্জ্বল পারফরম্যান্স পরিষ্কার করেছিল বিশ্বকাপের অনেক দলেরই সাফল্যের পথ। কিন্তু মাত্র দুই মাসের ব্যবধানে এসে বিশ্বকাপের পারফরমারদের অনেকেই দেখছেন মুদ্রার উল্টো পিঠ। বিশেষ করে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ওই উজ্জ্বল তারকাদের অনেকেই লিগে পরিচয় দিয়েছেন নিদারুণ ব্যর্থতার। ঘরোয়া দায়িত্বের শুরুতেই তাঁরা নিজেদের হারিয়ে খুঁজছেন। অথচ বিশ্বকাপে তাঁদের পারফরম্যান্স কিন্তু ইঙ্গিত দিয়েছিল উজ্জ্বল, দীপ্তিময় এক নতুন মৌসুমের।
ইংলিশ লিগে ফ্লপ বিশ্বকাপ তারকাদের তালিকাটা যেন প্রতিদিনই লম্বা হচ্ছে। জার্মানির দুই বিশ্বকাপ পারফরমার মেসুত ওজিল ও পার মারতেসেকার আর্সেনালের হয়ে খেলেছেন যাচ্ছেতাই ফুটবল।
আলেক্সিজ সানচেজ বিশ্বকাপের মাঠে চিলিকে একাই সামনে টেনে নিলেও ইংলিশ লিগে তাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন বেসিকতাসের বিপক্ষে আর্সেনালের চ্যাম্পিয়নস লিগে বাছাইপর্বের খেলায়ও। একই কথা প্রযোজ্য হল্যান্ডের তারকা স্ট্রাইকার রবিন ফন পার্সির ক্ষেত্রেও। প্রথম ম্যাচে চোটের কারণে অনুপস্থিত থাকলেও গতকাল নিজের প্রথম আবির্ভাবেই ফন পার্সি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের উপহার দিয়েছেন একরাশ হতাশা।
এভারটনের বিপক্ষে আর্সেনালের ম্যাচে মনেই হয়নি এই ওজিল কিংবা মারতেসেকার মাত্র এক মাস আগেই একটি দলের বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন। এভারটনের বিপক্ষে আর্সেনালের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে এই দুই জার্মান তারকাকেই ভিলেনের আসনে বসাতে পারেন আর্সেনাল তারকারা। আলেক্সিজ সানচেজ চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে বেসিকতাসের বিপক্ষে ছিলেন চূড়ান্ত রকমের ফ্লপ। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্সেনালের প্রথম ম্যাচে তিনি আর্সেন ওয়েঙ্গারের কৌশলে ছিলেন অসম্ভব বেমানান একজন খেলোয়াড়। এভারটনের বিপক্ষেও সানচেজের পরিণতি ছিল একই রকম।
আর্সেনালের ফরাসি কোচ ওয়েঙ্গার অবশ্য ব্যাপারটিকে এত গুরুত্ব দিতে রাজি নন। তিনি বলেন, বিশ্বকাপের ক্লান্তি এখনো কাটাতে পারেননি অনেক খেলোয়াড়। বিশ্বকাপের মতো বিরাট এক প্রতিযোগিতা খেলোয়াড়দের শক্তি একেবারে চুষে খায়। বিষয়টা এমনই। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরাও নিজেদের খুঁজে পাবেন।’
তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে ডিয়েগো কস্তার ক্ষেত্রে। বিশ্বকাপের কথা হয়তো তিনি ভুলেই যেতে চাইবেন। স্পেনের হয়ে প্রতিটি ম্যাচে চূড়ান্ত ফ্লপ সেই কস্তাই ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে চেলসির হয়ে খেলছেন দুর্দান্ত ফুটবল। নিজেদের প্রথম দুটি ম্যাচেই দারুণ কার্যকর এক কস্তাকে পেয়েছেন চেলসি কোচ হোসে মরিনহো। বার্নলি ও লিস্টার সিটির বিপক্ষে কস্তার দুটি গোল হয়তো খুব দৃষ্টিসুখ উদ্রেককারী নয়, কিন্তু দুটো গোলেই ছিল একজন দারুণ, সুযোগসন্ধানী স্ট্রাইকারের সব বৈশিষ্ট্য।
কস্তাকে নিয়ে প্রথম দিকে খুব একটা আশাবাদী ছিলেন না চেলসি কোচ মরিনহো। তিনি বলেন, ‘বিশ্বকাপে কস্তাকে দেখে আমার একটু আফসোসই হয়েছিল। ভেবেছিলাম এমন একজন খেলোয়াড়কে আনছি, যে কিনা বিশ্বকাপে ঠিকমতো গোলেই শট নিতে পারেনি। কিন্তু প্রিমিয়ারে প্রথম দুটি ম্যাচে সে আমার ধারণাই পাল্টে দিয়েছে। আসলে কস্তার খেলার স্টাইলটাও আমাদের কৌশলের সঙ্গে দারুণভাবে মিলে যায়।’ সূত্র: রয়টার্স।